মীর কাসেমের ফাঁসির রায় বহালে স্বস্তি আ.লীগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখায় স্বস্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘রিভিউ রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এর জন্য জনগণের পক্ষ থেকে আমরা স্বস্তি প্রকাশ করছি।’
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাসিম এসব কথা বলেন। দলটির ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপপরিষদের বৈঠক ছিল আজ। আগামী ২২-২৩ অক্টোবর দলটির ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, জামায়াতের হরতালের কোনো আবেদন নেই। জামায়াত জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। তাই তাদের হরতালে জনজীবনে কোনো প্রভাব পড়বে না।
নাসিম বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কারণে জন কেরি বাংলাদেশ সফর করেছেন। জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জন কেরি তাঁর কর্মব্যস্ত দিন শুরু করেছেন।’ তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর এ বাংলাদেশে তাঁর কন্যা শেখ হাসিনা সফলভাবে বঙ্গবন্ধুর আদর্শের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁরা সন্ত্রাস দমনে বাংলাদেশের সঙ্গে থাকতে চায়। এ জন্য আমরা জন কেরিকে অভিনন্দন জানাই।’ তিনি বলেন, তিনি (জন কেরি) বুঝেছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে জঙ্গিবাদ দমন হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের আগামী জাতীয় সম্মেলনে অনেক দেশি-বিদেশি অতিথি আসবে। এর মাধ্যমে প্রমাণ হবে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উদীয়মান শক্তিধর দেশ এবং সফল সমৃদ্ধিশালী দেশে পরিণত হতে যাচ্ছে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অভ্যর্থনা উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, উপপরিষদের সদস্য সাহারা খাতুন, শাহরিয়ার আলম, জুনাইদ আহমেদ, জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, এ বি তাজুল ইসলাম, মৃণাল কান্তি দাস, এস এম কামাল হোসেন, মনিরুজ্জামান প্রমুখ।