মুক্ত নির্বাচন আয়োজনে সরকার উদ্যোগী হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাজমান সংকট নিরসনে সব দলের অংশগ্রহণে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি বলে আবারও দাবি করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘ভোট ছাড়া যে সরকার ক্ষমতায় রয়েছে, তারা একটি মুক্ত নির্বাচন আয়োজনের সব প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগী হবেন বলে আমি এখনো আশা করি।’
মিয়ানমারের নির্বাচনে জয়ী অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলকে অভিনন্দন জানিয়ে গতকাল সোমবার এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার এই বিবৃতি বিকেলে গণমাধ্যমে পাঠানো হয় বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের স্বাক্ষরে।
মিয়ানমারের নির্বাচনের উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ভোটের মাধ্যমেই জনগণের রায় গ্রহণ করার মানসিকতা থাকা উচিত। সে দেশের ক্ষমতাসীনেরা জনগণের রায়কে মেনে নিয়েছেন এবং সম্মান জানিয়েছেন, তা জেনে আমি খুশি হয়েছি।’ তিনি বলেন, বাংলাদেশে এখন যে গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলশ্রুতিতে দেশে যে সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি।
এদিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গতকাল দেওয়া বাণীতে খালেদা জিয়া বলেন, ১৯৯০-এ মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে। ষড়যন্ত্র চলছে দেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেওয়ার। একতরফা নির্বাচন করে বেনামি একদলীয় সরকারব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে।
খালেদা জিয়া বলেন, সেদিনের পতিত স্বৈরাচার বর্তমান বিনা ভোটের সরকারেরই সহযোগী। নূর হোসেন আওয়ামী যুবলীগের কর্মী ছিলেন। নিজ দলের কর্মীর রক্তের সঙ্গে এটা কি প্রতারণা নয়?