মুক্তাগাছায় ১৪ বছর পর ছাত্রলীগের কমিটি, চার দিন পর স্থগিত
ঘোষণার চার দিন পরই ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা, পৌর ও শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির কার্যক্রম স্থগিত করে। এতে স্থগিতের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
স্থগিত হওয়া উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি জাহিদুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, দীর্ঘ ১৪ বছর পর ছাত্রলীগের কমিটি হয়। এ কারণে নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্যমে কাজ করার স্পৃহা সৃষ্টি হয়েছিল। কিন্তু ওপর মহলের চাপে ঘোষণার চার দিন পর কমিটি স্থগিত করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৩ সালে মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়। এরপর গত ৭ মে উপজেলাসহ পৌর ও সরকারি কলেজের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বেশ উদ্দীপনার সৃষ্টি হয়। কিন্তু বৃহস্পতিবার তিনটি কমিটির সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার নির্দেশ দেয় জেলা ছাত্রলীগ।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক কর্মী বলেন, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আপত্তির কারণে ঘোষণার চার দিন পর কমিটিগুলো স্থগিত করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তারেক বলেন, আওয়ামী লীগের ৯৫ শতাংশ নেতার কাছে ঘোষিত কমিটি গ্রহণযোগ্য ছিল। তারপরও কেন কমিটি স্থগিত করা হয়েছে, তা বোধগম্য নয়।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ কে এম খালিদ প্রথম আলোকে গতকাল বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিতর্কিত। তাঁদের নিয়ে আমার ও উপজেলা আওয়ামী লীগের আপত্তি ছিল। তাই উপজেলা কমিটি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি। বাকি দুটি কমিটি নিয়ে আমাদের আপত্তি নেই। সেগুলো কেন স্থগিত করা হয়েছে, তা আমার জানা নেই।’
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী বলেন, কমিটি ঘোষণার পর ওই সব কমিটির নেতাদের বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে কমিটি তিনটি স্থগিত রাখা হয়েছে।