
ছয় মাসের বেশি সময় কারাভোগের পর গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্ত হয়ে তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের বলেছেন, তিনি অসুস্থ, খুব শিগগির চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পঞ্চম তলার কারাকক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম মুক্তি পান। প্রায় এক মাস এ হাসপাতালের কারাকক্ষে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে ছয় মাসের জামিন পান। এরপর আইনি প্রক্রিয়া শেষ হতে গতকাল সারা দিন লেগে যায়।
মুক্তির পর মির্জা ফখরুলকে হাসপাতালের কারাকক্ষ থেকে হুইলচেয়ারে করে বাইরে আনা হয়। এ সময় স্বাগত জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমানসহ দলের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও।
এ সময় অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘আমি খুব অসুস্থ। আইভিএস বেড়ে গেছে, হার্টের ব্লকের সমস্যাও বেড়ে গেছে। ছয় মাসে আমার ১২ কেজি ওজন কমেছে। মুক্তি পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই দেশের বাইরে চিকিৎসার জন্য যাব। দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আরোগ্য লাভ করে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি।’ তিনি বলেন, তিনি এর আগে আমেরিকা ও সিঙ্গাপুরে চিকিৎসা করেছেন। তাঁর স্ত্রী সেসব দেশের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছেন।
এরপর বিএসএমএমইউ থেকে একটি অ্যাম্বুলেন্সে করে মির্জা ফখরুল গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। সেখানে তাঁর মা ফাতেমা আমিন চিকিৎসাধীন আছেন। বিদেশ যাওয়ার আগ পর্যন্ত একই হাসপাতালে তিনিও চিকিৎসা নেবেন বলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেছেন।
৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র গত ৬ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলন কর্মসূচি শুরুর প্রথম দিনই জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নাশকতার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে সর্বশেষ তিনটিতে আপিল বিভাগ থেকে জামিন পান তিনি।
বিএনপির একাধিক নেতা জানান, মির্জা ফখরুলের কারামুক্তির পর বিএনপির কেন্দ্রীয় সম্মেলন করাসহ বিভিন্ন পর্যায়ে দল পুনর্গঠনের কাজ শুরু করার কথা রয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া নিজেও সম্প্রতি একাধিক অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে একই ধরনের কথা বলেছেন।