মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটিতে রদবদল, নেতৃত্বে ছাত্রলীগের সাবেক দুই নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হকের ওপর হামলার ঘটনায় সমালোচনা ও বিতর্কের মুখে রয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। এই পরিস্থিতির মধ্যে ‘সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে’ সংগঠনটির একাংশের নেতৃত্বে রদবদল হয়েছে। আজ বুধবার বিকেলে এস এম জাকারিয়া ইসলামকে মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি ও ইফতেখার আলম রিশাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা দুজনই ছাত্রলীগের সাবেক নেতা।
গত রোববার ডাকসু ভবনে ভিপি নুরুল হকের কক্ষে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনায় করা মামলার আসামি হয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের এই অংশের কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল পলাতক এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক উপসম্পাদক আল মামুন পুলিশের হাতে আটক রয়েছেন। দুজনই নুরুলের করা মামলার আসামি। এমন পরিস্থিতিতে জাকারিয়া ও ইফতেখারুল মঞ্চের নেতৃত্বে এলেন।
ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকারিয়া ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উভয়েই এত দিন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া জাকারিয়া মালয়েশিয়ার কুয়ালালামপুর শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আর ইফতেখারুল মাদারীপুরের কালকিনি উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।
মঞ্চের এই অংশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে কমিটিতে রদবদলের বিষয়টি জানিয়েছেন।
মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকারিয়া ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ মঞ্চকে মুক্তিযোদ্ধা পরিবার ও প্রজন্মদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে আরও সমুন্নত করা হবে আমাদের লক্ষ্য। আমাদের যেসব নেতার বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ এসেছে, তদন্ত সাপেক্ষে তা প্রমাণিত হলে আমরা ব্যবস্থা নেব।’ আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম রিশাদ বলেন, ‘আমরা একটি সংকটকালীন মুহূর্তে দায়িত্ব পেলাম। মুক্তিযুদ্ধ মঞ্চের ভাবমূর্তি পুনরুদ্ধার করা আমাদের লক্ষ্য থাকবে। মুক্তিযোদ্ধা পরিবার ও প্রজন্মদের অধিকার আদায়ের মঞ্চ হিসেবে আমরা মুক্তিযুদ্ধ মঞ্চকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আশা করছি, আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ফিরে আসবেন।’