মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী থেকে দেশে ফিরে আসেননি বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, দেশে ফিরে আসার বিষয়ে কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে তিনি রাজনীতি ও দেশ ছেড়ে চলে যাবেন। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ চ্যালেঞ্জ দেন।
বিবৃতিতে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি যে, কিছু কিছু মহল আমার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের সময়ে আমার ভূমিকা নিয়ে মিথ্যা, বানোয়াট এবং কল্পনাপ্রসূত তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এই মহলটি বলতে চায় যে, মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীতে থাকাকালে আমি নাকি পাকিস্তান থেকে ছুটিতে বাংলাদেশে এসেছি এবং কোনো এক কল্পিত আদালতের বিচারক ছিলাম।’
এ বিষয়ে জানতে চাইলে এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায় প্রথম আলোকে বলেন, ‘মোয়াজ্জেম নামের এক লোক টক শোতে বলেছেন, স্যার নাকি যুদ্ধের সময় দেশে এসেছিলেন। এ ছাড়া এ নিয়ে বিভিন্ন লেখালেখি হয়েছে। এ জন্য এ বিবৃতি দেওয়া হয়েছে।’
বিবৃতিতে এরশাদ আরও বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধের সময় এবং স্বাধীনতার পরে পাকিস্তানের বন্দিশিবিরে স্ত্রীসহ আমি এবং বাঙালি সৈনিক ও অফিসারগণ অবর্ণনীয় নির্যাতন ও দুর্দশা সহ্য করে বেঁচে ছিলাম। এরপর বঙ্গবন্ধুর কূটনৈতিক সাফল্যে আমরা দেশে ফিরতে পেরেছি।’