মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা নিয়ে কথ্য ইতিহাস লিখতে হবে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক মতপার্থক্য ভুলে মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা নিয়ে একটি ‘ওরাল হিস্ট্রি’ বা কথ্য ইতিহাস লেখার প্রয়োজনীয়তার কথা বলেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কর্মসূচি থেকে বাংলাদেশ জাতীয় মুক্তিসংগ্রাম সমন্বয় কমিটি’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাশেদ খান মেনন আরও বলেন, ‘সামনের বছরের মাঝামাঝি বামপন্থীদের এই ইতিহাস সংগ্রহ করে একটা প্রকাশনা বের করে, নতুন প্রজন্মকে জানাতে হবে।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে মুক্তিযুদ্ধে বামপন্থীদের ইতিহাস তুলে ধরতে হবে।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাপা-জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সমাজকর্মী শামসুল হুদা প্রমুখ।