কলকাতায় বাংলাদেশ বিজয় উৎসব শুরু

কলকাতায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী বাংলাদেশ বিজয় উৎসব। আজ মঙ্গলবার বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
উদ্বোধনী অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, ‘একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের সঙ্গে আমাদের যে বন্ধুত্ব গড়ে উঠেছে সেই বন্ধুত্ব আজও অম্লান। আমরা সেই বন্ধুত্বের পথ বেয়ে ৪৪ বছর এগিয়েছি। এই পথ বেয়ে আমাদের সামনের দিকে আরও এগোতে হবে। এগোতে হবে বন্ধুত্বের বার্তা নিয়ে। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে।’
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, ‘আজ তাঁদের জন্য আমরা স্বাধীনতার স্বাদ পাচ্ছি। বাঙালি জাতি হিসেবে বিশ্বের দরবারে দাঁড়াতে পেরেছি।’
পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘দেশভাগের যন্ত্রণায় হয়তো আমরা আলাদা হয়েছি। কিন্তু আমাদের হৃদয় অভিন্ন। এই অভিন্ন হৃদয় বিচ্ছিন্ন হবে না। এই হৃদয় নিয়ে, এই বিজয় দিবসের পথ ধরে দেশের উন্নয়ন ও কল্যাণের জন্য এগোতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।
এই বিজয় উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবকে ঘিরে পাঁচ দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশের শিল্পসামগ্রীর মেলা এবং বাংলাদেশি খাবারের আয়োজন।