মুক্তিযুদ্ধের চার মূলনীতি ফিরিয়ে এনে বঙ্গবন্ধুকে সম্মান জানান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মুক্তিযুদ্ধের ধারায় বাহাত্তরের সংবিধানের চার মূলনীতিতে বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারলে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ শ্রদ্ধা ও সম্মান জানানো হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রোববার পুরানা পল্টনের মুক্তিভবনে ‘বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে বঙ্গবন্ধুর অবদান ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সেলিম এ কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘স্বাধীন বাংলাদেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তি আন্দোলনের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরার পটভূমি রচিত হয়েছিল। দেশকে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল। কিন্তু ’৭১-এর পরাজিত শত্রুরা সেই পথ রোধ করে দেয়। ‘পাকিস্তানপন্থা’ ফিরিয়ে আনার জন্যই ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী প্রমুখ। বিজ্ঞপ্তি।