মুক্তিযুদ্ধের চার মূলনীতি বাস্তবায়ন চায় সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনে করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে হলে মুক্তিযুদ্ধের চার মূলনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই চার মূলনীতি হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র। এই চার নীতির ওপর ভিত্তি করেই ১৯৭২ সালের সংবিধান প্রণীত হয়েছিল।
গতকাল শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এসব কথা বলেন। বিবৃতিতে তাঁরা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তি কার্যকরেরও দাবি জানান তাঁরা।
বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে সিপিবি। আগামীকাল রোববার বিকেলে পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।