শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের বিরুদ্ধে নতুন প্রজন্মকে প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার জেলহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ইছহাক মিয়া বলেন, বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে একটি অশুভ শক্তি ফণা তুলেছে। এই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, চার জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু তাঁদের আদর্শকে হত্যা করতে পারেনি হত্যাকারীরা।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও ইব্রাহিম হোসেন চৌধুরী।