মুক্তিযুদ্ধের ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না

সারা দেশ থেকে সব ভাস্কর্য অপসারণের জন্য হেফাজতে ইসলামের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় যে ভাস্কর্যগুলো স্থাপিত হয়েছে, সেগুলোর সঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই। মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতিজড়িত ভাস্কর্য অপসারণ করার প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে সরকার অটল অবস্থানে আছে।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া কারও কাছে আত্মসমর্পণ করেন না।
ওবায়দুল কাদের আজ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সম্প্রসারণকাজ পরিদর্শন করেন। তিনি বলেন, রমজান ও ঈদ সামনে রেখে জনভোগান্তি কমাতে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ ও মহাসড়কের পাশে রাখা ট্রাকসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এ সময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ছরোয়ার হোসেনসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।