মুক্তিযোদ্ধা-আ.লীগ নেতা পাল্টাপাল্টি জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইমদাদুল হক ও মুক্তিযোদ্ধা খয়রাত আলীর মধ্যে থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সপ্তাহ খানেক আগে ইমদাদুল হককে নিয়ে একটি অনলাইন পত্রিকা ও একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ফটোকপি এলাকায় বিলি করা হয় ব্যাপক হারে। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। ৩ সেপ্টেম্বর বিকেলে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় বক্তারা ওই সংবাদ প্রকাশের নেপথ্যে খয়রাত আলী নামের একজন মুক্তিযোদ্ধার ভূমিকা আছে বলে অভিযোগ করেন। পরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরামুল হক খয়রাত আলীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি পরদিন থানায় ডায়েরিভুক্ত করা হয়। উপজেলা যুবলীগের আয়োজনে ৫ সেপ্টেম্বর বিকেলে সাবেক সাংসদের বিরুদ্ধে প্রকাশিত ওই সংবাদের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এদিকে খয়রাত আলী ইমদাদুল হক, ইকরামুল হক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খানের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডি নং ১৪৭। জিডিতে উল্লেখ করা হয়, ওই তিন ব্যক্তির সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ। সেই সূত্রে ক্ষিপ্ত হয়ে ইমদাদুল হকের নির্দেশে জগথা গ্রামের সোহাগ, রিপন, রিগান, জনি, সোহরাবসহ আরও অনেকে তাঁর চায়ের দোকান ভাঙচুর করেন ও তাঁর প্রাণনাশের হুমকি দেন।
একই দিন ইমদাদুল হকের বিরুদ্ধে আরেকটি জিডি করেন জনৈক কালাচাঁদ শীল। জিডি নং ১৪৫। জিডিতে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট পীরগঞ্জের বালুবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শোক দিবসের অনুষ্ঠান চলাকালে ইমদাদুল হকের নির্দেশে সোহরাব, সোহাগ, রিপন, রিগান, জনিসহ আরও অনেকে সভাস্থলের মাইক, মঞ্চ ও ২৫টি চেয়ার ভাঙচুর করেন। হামলাকারীরা তাঁর নাম উচ্চারণ করে বিভিন্ন হুমকি দেন। বর্তমানে কালাচাঁদ ভয়ে নিজ বাড়িতে ফিরতে পারছেন না বলে জিডিতে উল্লেখ করা হয়।
খয়রাত আলীর বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় জিডি করেছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আখতারুল ইসলাম। জিডি নং ৩০৪। জিডিতে উল্লেখ করা হয়, খয়রাত আলী একজন অসৎ মামলাবাজ ও খারাপ প্রকৃতির লোক। জিডিতে আরও উল্লেখ করা হয়, খয়রাত আলী ইমদাদুল হক, ইকরামুল হক, ইব্রাহিম খানসহ আওয়ামী লীগের আরও কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ভবিষ্যতে নানাভাবে হয়রানি ও ক্ষতিসাধন করতে পারেন।
সর্বশেষ গতকাল রোববার ইকরামুল হক খয়রাত আলীর বিরুদ্ধে একটি জিডি করেন। জিডি নং ৩৩০। জিডিতে উল্লেখ করা হয়, খয়রাত আলী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা না হয়েও ভুয়া মেডিকেল সনদপত্র সংগ্রহ করে রাষ্ট্রীয় সম্মানী ভাতা গ্রহণ করছেন।
খয়রাত আলীর মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইমদাদুল হক বলেন, ‘সমাজে, বিশেষ করে পীরগঞ্জ ও রাণীশংকৈলে আমার রাজনৈতিক অস্তিত্ব হুমকিতে ফেলার জন্য এবং শেষ জীবনে আমাকে সমাজে হেয় করার জন্য একটি রাজনৈতিক মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছে। এসব কাজে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে খয়রাত আলী গংরা।’