মুক্তিযোদ্ধা বাছাই কমিটি নিয়ে দুই জেলায় ক্ষোভ
পটুয়াখালীর গলাচিপা ও বান্দরবানে জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গলাচিপায় বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। আর বান্দরবানে বাইরের মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে জেলার স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কমিটি গঠনের দাবি উঠেছে।
আগামী ৪ ফেব্রুয়ারি পটুয়াখালীর গলাচিপায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে সেখানে বিতর্কিত লোকজন নিয়ে কমিটি গঠন করা হয়েছে অভিযোগ করে কয়েকজন মুক্তিযোদ্ধা বলেছেন, এ কমিটির সহায়তায় মুক্তিযোদ্ধা নন—এমন ব্যক্তিরা মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় মুক্তিযোদ্ধারা ‘ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিরোধ কমিটি’ নামে পৃথক একটি কমিটি গঠন করেছেন।
গত সোমবার সন্ধ্যায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মোহাম্মদ ঈসাকে আহ্বায়ক করে ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। মোহাম্মদ ঈসা অভিযোগ করেন, এই উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ২৪ জন। বিএনপি-জামায়াত সরকারের আমলে ৪১ জন অমুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হন। বর্তমানে আরও ২৫৬ জন মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন করেছেন। যাঁদের বাছাই কমিটিতে রাখা হয়েছে, তাঁদের অনেকে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে উঠেপড়ে লেগেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা আল বাকী বলেন, ‘বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন। বাছাই কমিটি গঠনে আমাদের কিছু করার নেই।’
বান্দরবানে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। মুক্তিযোদ্ধা আবদুল জলিলের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার আবুল কাশেম চৌধুরীসহ যাচাই-বাছাই কমিটির নয়জনকে ভুয়া মুক্তিযোদ্ধা অভিহিত করে মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আবুল কাশেম বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হতে নতুন আবেদনকারী এবং মুক্তিযুদ্ধ না করেও যাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তাঁরাই যাচাই-বাছাইয়ে টিকতে পারবেন না আশঙ্কায় গোলমাল পাকাচ্ছেন।
জেলা প্রশাসক কার্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ জেলায় ৯৭ জন মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পান। এবার আরও প্রায় ১০০ জন এই তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করেছেন।
একাত্তরের মুক্তিযুদ্ধকালে বান্দরবানের মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপসচিব আবদুল ওহাব বলেন, জেলায় প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ২৫-৩০ জনের বেশি হওয়ার কথা নয়। তালিকাভুক্তি স্থানান্তরের দাপ্তরিক কোনো দলিলপত্র ছাড়া বিভিন্ন জেলা থেকে এ জেলায় এসে অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে যাচ্ছে।