মুক্তিযোদ্ধা দলের কফিন নিয়ে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী কফিন নিয়ে শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনসহ অন্যরা। ঢাকা, ২৭ মার্চ ২০১৮। ছবি: সংগৃহীত
প্রতীকী কফিন নিয়ে শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনসহ অন্যরা। ঢাকা, ২৭ মার্চ ২০১৮। ছবি: সংগৃহীত

তিনি একজন মুক্তিযোদ্ধা। বয়স প্রায় ৭০ বছর। গায়ে সাদা ফতুয়া আর মুখে ধবধবে সাদা দাড়ি। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে রাজধানীর নয়াপল্টনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রায় প্রতীকী কফিন নিয়ে অংশ নিয়েছেন তিনি।

এই মুক্তিযোদ্ধার নাম দেলোয়ার হোসেন। স্বাধীনতার ৪৭ বছর পর এসে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে অস্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘যেই গণতন্ত্রের জন্য স্বাধীনতাযুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্র আজ কফিনে।’ এর প্রতিবাদ জানাতেই প্রতীকী কফিন নিয়ে স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় অংশ নিয়েছেন বলে জানান তিনি।

দেলোয়ার হোসেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেক খান।

নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এতে নানা সাজে সজ্জিত হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। উচ্চকণ্ঠে প্রতিবাদী স্লোগানও দেন তাঁরা। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে প্রতীকী কফিনটি নিয়ে আসা হয়। কফিনের গায়ে লেখা ছিল ‘স্বৈরাচারের জাঁতাকলে গণতন্ত্রের অন্তিমযাত্রা, স্বৈরাচারের নিষ্পেষণে গণতন্ত্র এখন কফিনে।’

কফিনের এক অংশ নিজের কাঁধে তুলে নেন দেলোয়ার। এ সময় তাঁর সঙ্গে অন্য কয়েকজন মুক্তিযোদ্ধাও ছিলেন। কফিন নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া প্রসঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, ‘স্বাধীনতার মাসে গণতন্ত্র আজ কফিনে বন্দী। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করাটা অনেকটা কবরের মতো। তাই শোভাযাত্রায় প্রতীকী কফিন আনা হয়েছে।’