মুক্তিযোদ্ধার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
কক্সবাজারের চকরিয়ায় মুক্তিযোদ্ধা গাজী গোলাম মওলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন আওয়ামী লীগের এক নেতা। গত সোমবার রাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। মামলার বাদী কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নুরুল আবছার।
এজাহারে বাদী উল্লেখ করেন, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর চকরিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা হয়। সেখানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গাজী গোলাম মওলা। বক্তব্যের একপর্যায়ে গোলাম মওলা বলেন, ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা। শেখ মুজিব যুদ্ধ করেননি, তাঁর নেতৃত্বে যুদ্ধও হয়নি। মুক্তিযুদ্ধে তাঁর পরিবারের কারও অবদানও নেই।’ এ বক্তব্য দিয়ে গোলাম মওলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ ও রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধ করেছেন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আওয়ামী লীগের নেতা নুরুল আবছার বাদী হয়ে মুক্তিযোদ্ধা গাজী গোলাম মওলার বিরুদ্ধে বঙ্গবন্ধুকে কটাক্ষ করার অভিযোগ এনে ২ জানুয়ারি একটি অভিযোগ দেন। অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়। পরে মামলা রেকর্ড করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন পাঠানো হয়। মামলার অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৬ মার্চ আবেদনটি থানায় পাঠানো হয়। ওই দিন রাতেই মামলা করা হয়।
মুক্তিযোদ্ধা গাজী গোলাম মওলা বলেন, ‘শেখ মুজিবের বিরুদ্ধে কটাক্ষ করে কোনো বক্তব্য আমি দিইনি।’