মুক্তির একমাত্র উপায় জাতীয় ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন ড. কামাল হোসেন l প্রথম আলো
নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন ড. কামাল হোসেন l প্রথম আলো

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, বিভেদের রাজনীতি থেকে মুক্তির একমাত্র উপায় সুস্থ রাজনীতির পক্ষে জাতীয় ঐক্য গড়ে তোলা। গোটা জাতির মধ্যে একটি প্রচ্ছন্ন ঐক্য ইতিমধ্যে গড়ে উঠেছে। এখন ওই ঐক্যকে সুনির্দিষ্ট কর্মসূচির আওতায় এনে সংগঠিত করা প্রয়োজন।
রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কামাল হোসেন এসব কথা বলেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী ও গণফোরামের সভাপতি বলেন, ‘কার্যকর গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মূলে রয়েছে জনগণের ক্ষমতায়ন। অথচ সংবিধানের এই ঘোষণা আজ প্রহসনে পরিণত হচ্ছে। মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে আমরা জনগণের ক্ষমতায়নের পথে এগিয়ে যেতে পারি। জনগণের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।’
কামাল হোসেন বলেন, ‘স্বাধীনতার অর্থ ছিল জনগণ ক্ষমতার মালিক হবে। পরাধীনতার কষ্ট পাকিস্তান আমলে আমরা সহ্য করেছি। স্বাধীন আমলে এটা সইতে হবে, তা আমি ভাবতেও পারি না। প্রত্যেক মানুষের কথা বলার অধিকার থাকবে, আর জনপ্রতিনিধিদের অভ্যাস করতে হবে কথা শোনার। মানুষ এটাই আশা করে। তারপর যদি সে কথা ন্যায়সংগত ও সংবিধানসম্মত হয়, তবে তা বাস্তবায়ন করতে হবে। এসব বিষয়ে ঐকমত্য হয়ে আছে। এগুলোকে উপেক্ষা করা মানে সংবিধান ও স্বাধীনতাকে উপেক্ষা করা।’
কামাল হোসেন বলেন, ‘সংবিধানের চার মূলনীতি নিয়ে কোনো বিতর্ক নেই বলে আমার মনে হয়। কিন্তু অপব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। ধর্ম নিয়ে কোনো বিতর্ক নেই, বিতর্ক তৈরি করা হয় বিভেদ তৈরি করার জন্য। অসুস্থ রাজনীতি বিভেদের ওপর নির্ভরশীল। দেশের মানুষ নিয়ন্ত্রিত থাকবে সংবিধান ও আইনের দ্বারা। চার মিনিটে কোনো আইন হয় না। কয়েক ঘণ্টার মধ্যে সংশোধনীও হয় না।’
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, উন্নত ও মেধাসম্পন্ন জাতি গঠনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাসমুক্ত করতে হবে। এ ছাড়া রাষ্ট্রব্যবস্থার সব স্তরে নিরপেক্ষতা বজায় রাখা দরকার। বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণমুক্ত রাখতে হবে। নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনার পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও মেধার প্রাধান্য দিতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশের সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।