মুখে জোট, ভেতরে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজিম উদ্দিন,শাহাদাত হোসেন, আনোয়ার হোসেন খান, এম এ আউয়াল
নাজিম উদ্দিন,শাহাদাত হোসেন, আনোয়ার হোসেন খান, এম এ আউয়াল

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটি নিয়ে সমস্যায় পড়েছে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। কারণ দুই জোটের দুই শরিক দলের দুজন গুরুত্বপূর্ণ নেতা আসনটিতে সম্ভাব্য প্রার্থী। এ নিয়ে জোটের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির আগ্রহী প্রার্থীদের প্রকাশ্যে ও আড়ালে ঠেলাঠেলি চলছে।

১৯৯১ সাল থেকে এ আসনে জয়ী হয়ে আসছে বিএনপি। আসনটি তাদের হাতছাড়া হয় ২০১৪ সালে। সেবার দলটি নির্বাচন বর্জন করলে আসনটিতে নৌকা প্রতীক পেয়ে সাংসদ হন ১৪ দলের শরিক তরীকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব এম এ আউয়াল। এখন তিনি আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। ঠিক একই অবস্থা বিএনপিতেও। ২০-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) গুরুত্বপূর্ণ নেতা শাহাদাত হোসেন এবার আসনটিতে সম্ভাব্য প্রার্থী। ফলে প্রতিদ্বন্দ্বী দুটি জোটের এই দুই নেতা আওয়ামী লীগ ও বিএনপির আগ্রহী প্রার্থীদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে উঠেছেন।

আওয়ামী লীগে আউয়াল-আনোয়ার
দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে দ্বন্দ্ব চলছে। সাংসদ এম এ আউয়ালও চেষ্টা করছেন জোটের শরিক হিসেবে এবারও প্রার্থী হতে। কিন্তু তাতে নতুন করে বাগড়া বসিয়েছেন রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চান। দুই-আড়াই বছর ধরে তিনি এলাকায় যাতায়াত বাড়িয়েছেন। আওয়ামী লীগের একটি অংশকেও তিনি কাছে পেয়েছেন।

অন্যদিকে সাংসদ হয়ে আউয়াল এলাকার উন্নয়নে সচেষ্ট হন। স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ সব সময় তাঁর সঙ্গে রয়েছে। তবে এবার আওয়ামী লীগ জোট থেকে এম এ আউয়ালের মনোনয়ন পাওয়া জটিল করে তুলেছে খোদ তরীকত ফেডারেশন। সম্প্রতি তাঁকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দেন তরীকতের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি। বলাবলি আছে, নির্বাচন সামনে রেখে এম এ আউয়ালকে সরিয়ে দেওয়া হয়, যাতে তিনি প্রার্থী হতে চাপাচাপি করতে না পারেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে প্রথমে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মো. শাহজাহান মনোনয়ন পান। পরে তা বদলে মনোনয়ন দেওয়া হয় তরীকত ফেডারেশনের এম এ আউয়ালকে। এর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম। এবারের নির্বাচনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ মোটাদাগে দ্বিধাবিভক্ত। এক পক্ষ উপজেলা সভাপতি সফিক মাহমুদ পিন্টুর সঙ্গে, আরেক পক্ষ জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার হোসেন খানকে ঘিরে। দুই বছর ধরে দলীয় কর্মসূচি পৃথকভাবে পালিত হচ্ছে। এর জের ধরে প্রকাশ্যে মহড়া ও সংঘাতের ঘটনাও ঘটেছে।

সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আনোয়ার হোসেন খান নতুন এসে দলকে বিভক্ত করে রেখেছেন। তিনি আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করছেন। এটি দুঃখজনক।

অবশ্য আনোয়ার হোসেন খান বলেছেন, রামগঞ্জ আওয়ামী লীগ তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এলাকায় ৪৫ হাজার কম্বল, ১২০ মেট্রিক টন চাল, বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ কেটি টাকা দিয়েছেন। আনোয়ার হোসেন খান আশা করেন, প্রধানমন্ত্রী এর মূল্যায়ন করবেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, আনোয়ার হোসেন খান বা এম এ আউয়ালের মধ্যে যেকোনো একজন আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন। কারণ, গতবার প্রথম মনোনয়ন পাওয়া মো. শাহজাহানকে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়া আসনটিতে মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক এম এ মমিন পাটওয়ারী।

সফিক মাহমুদ ও সৈয়দ মোজাম্মেল হক দুজনই মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন।

এম এ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘সাংসদ হয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতায়ন, সড়কসহ সব ক্ষেত্রে উন্নয়ন করেছি। অন্য যাঁরা প্রার্থী হতে চাইছেন, তাঁদের কেউ মানুষের আস্থায় নেই। অনেকে আছেন শুধু নির্বাচন এলে মনোনয়ন চান।’

বিএনপিতে নাজিম-সেলিম
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আসনটি নিশ্চিতভাবে জয়ী হবে, এমন প্রেক্ষাপটে আসনটি কাউকে ছাড়তে চায় না বিএনপি। সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত জিয়াউল হক জিয়া ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে (’৯৬-এর ১৫ ফেব্রুয়ারির নির্বাচন বাদে) সাংসদ ছিলেন। সংস্কারপন্থী হওয়ায় ২০০৮ সালের নির্বাচনে তিনি বাদ পড়েন। বিএনপির মনোনয়ন পেয়ে সাংসদ হন নাজিম উদ্দিন আহমদ। এবারও তিনি সম্ভাব্য প্রার্থী।

স্থানীয় বিএনপি ও এলাকার বাসিন্দারা বলছেন, জিয়াউল হক জিয়ার করা উন্নয়নের ওপর ভর করে নাজিম উদ্দিন সাংসদ হন। কিন্তু বিরোধী দলের এমপি হওয়ায় এলাকায় তেমন উন্নয়নকাজ করতে পারেননি। এ সময় উপজেলা বিএনপিতে কোন্দল বৃদ্ধি পায়।

এই আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী।

হারুনুর রশিদ বলেন, নাজিম উদ্দিন আহমদের বিরুদ্ধে কেউ কথা বললেই দল থেকে বহিষ্কার করা হয়। গত ১০ বছরে দুই শতাধিক নেতা-কর্মী তাঁর আক্রোশের শিকার হয়েছেন।

আসনটিতে শক্ত অবস্থান তৈরি করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের একসময়ের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমানে এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন। তিনি কয়েক বছর ধরে মাঠে আছেন। স্থানীয় বিএনপির বড় একটি অংশ তাঁর সঙ্গে রয়েছে। এ নিয়ে বেশ কয়েকবার সংঘাত ও বহিষ্কারের ঘটনাও ঘটেছে। গত বছর শাহাদাত হোসেনের বাসায় হামলা, ভাঙচুরও হয়।

অবশ্য নাজিম উদ্দিন আহমদ দলে বিভক্তির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিএনপি একটি বড় দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। আগামী নির্বাচনে এই আসনটি পুনরুদ্ধার করতে বিএনপির চেয়ারপারসন তাঁর ওপরই আস্থা রাখবেন।

আর শাহাদাত হোসেন বলেন, ‘১৯৮৯ সাল থেকে আমি মাঠে আছি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন চরমে। আশা করি, জোটের স্বার্থে এবং আসনটি পুনরুদ্ধার করতে বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার ওপর ভরসা রাখবে।’