কিশোরগঞ্জ আ.লীগ
মুখোমুখি আ.লীগ-সাংসদ নূর মোহাম্মদ
আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা ও অনুরোধ উপেক্ষা করে পাকুন্দিয়ায় সাংগঠনকি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাংসদ নূর মোহাম্মদ।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের সাংসদ নূর মোহাম্মদ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও জেলা আওয়ামী লীগের অনুরোধ—দুটির কোনোটিই রাখছেন না। সাংসদের প্রতি ওই দুই কমিটির বার্তা ছিল, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে অংশ না নেওয়ার। কিন্তু তিনি উভয় কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে একের পর এক সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নেতারা বলছেন, গত শনিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুই কমিটির আহ্বানকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন সাংসদ। ফলে এ নিয়ে সাংসদ ও জেলা আওয়ামী লীগ এখন অনেকটা মুখোমুখি অবস্থানে।
দলীয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নূর মোহাম্মদ কিশোরগঞ্জ–২ আসন থেকে দলীয় টিকিটে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। তাঁর বাড়ি কটিয়াদী। দলীয় কোনো পদ না থাকলেও শুরু থেকেই দুই উপজেলা আওয়ামী লীগে প্রভাব বিস্তারে উদ্যোগী হন। সম্প্রতি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ পুনর্গঠনে মন দেন তিনি।
প্রসঙ্গত, সম্মেলনের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি হয় ১৯৯৪ সালে। এরপর দুই যুগেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। মধ্যে ২০০০ সালের ১৮ আগস্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক করা হয় এ এফ এম ওবায়দুল্লাহকে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওবায়দুল্লাহর কাছ থেকে নতুন নেতৃত্ব পাওয়া যায়নি। এখন ওবায়দুল্লাহর বয়স ৭৮ বছর। শেষে তিনি ব্যর্থতার দায় মেনে নিয়ে গেল বছরের ২০ সেপ্টেম্বর পদত্যাগ করেন। ওবায়দুল্লাহর পদত্যাগের পর দলের নেতৃত্ব চলে আসে যুগ্ম আহ্বায়ক মোতায়েম স্বপনের হাতে। তিনি সাংসদের অনুগত হিসেবে পরিচিত।
আরেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এখন সাংসদের প্রতিপক্ষ হয়ে এলাকায় রাজনীতি করছেন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান।
সাংসদের হয়ে সম্প্রতি অনুষ্ঠিত সব ইউনিয়ন সম্মেলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মোতায়েম। এই ক্ষেত্রে রফিকুল আছেন নীরব দর্শকের ভূমিকায়। আহ্বায়কের পদত্যাগের পর সাংগঠনিক শূন্যতার মধ্যেও কমিটি গঠনপ্রক্রিয়া অব্যাহত থাকায় বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে আসে। শেষে কিছুদিন আগে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম পাকুন্দিয়ায় সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা পাঠান। নির্দেশনা অনুলিপি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংসদকে দেওয়া হয়। তাতেও কাজ না হওয়ায় পরে কেন্দ্রীয় নির্দেশনার সূত্র ধরে চিঠি পাঠায় জেলা আওয়ামী লীগ। কারও নির্দেশনা না মানায় সাংসদকে চাপে ফেলতে এরই মধ্যে সাংসদের অনুগত হিসেবে পরিচিত জেলার দুই নেতাকে গত বৃহস্পতিবার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবু নাসের ফারুক এবং কার্যকরী সদস্য শহীদুল ইসলাম। তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। তাতেও সাংসদকে ফেরানো যায়নি। এই অবস্থায় গতকাল রোববার সকালে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করা হয়। সভায় ভার্চ্যুয়ালি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম যুক্ত থেকে পাকুন্দিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার কথা। কিন্তু আকস্মিকভাবে গত শনিবার বিকেলে সভাটি স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।
সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, নূর মোহাম্মদ দলীয় কোনো পদে নেই। তাঁর কাজ কমিটি গঠন নয়। তাঁর হাত দিয়ে গঠিত কমিটি বৈধ নয়। অথচ তিনি তা–ই করছেন। কেন্দ্র ও জেলা, এ কথা মনে করিয়ে দিয়ে চিঠি দিলেও তিনি মানছেন না। একই কারণে জেলার দুই নেতা পদ হারিয়েছেন।
সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নে আফজলের উত্তর, ‘দুই নেতা আমাদের কমিটির ছিলেন। তাই ব্যবস্থা নিতে পেরেছি। কিন্তু সাংসদ আমাদের নন। তাঁর ব্যাপারে কেন্দ্র ভাববে।’
পদ হারানো শহীদুল ইসলামের ভাষ্য হলো, সাধারণ ঘটনায় সাংসদকে কাঠগড়ায় দাঁড় করানোয় জেলা আওয়ামী লীগে অস্থিরতা বাড়বে। এর নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়বে অঙ্গসংগঠনে ও উপজেলা পর্যায়ে।
এ প্রসঙ্গে মুঠোফোনে কথা হয় সাংসদ নূর মোহাম্মদের সঙ্গে। তিনি বলেন, ‘কমিটি হয় না প্রায় দুই যুগ। এই অবস্থায় পাকুন্দিয়ার নেতারা দলীয় পরিচয় ভুলতে বসেছেন। নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। এর আগেও কয়েকবার উদ্যোগ নিয়ে সফল হইনি। এ জন্য নেতা-কর্মীরা আস্থা হারিয়ে ফেলছেন। এবারও যেন পিছিয়ে আসতে না হয়, সেই জন্যই কাজটি করে যাচ্ছিলাম।’ কাজটি করতে গিয়ে কেন্দ্র ও জেলার নির্দেশনা অমান্য হচ্ছে কি না, এমন প্রশ্নে তাঁর উত্তর, সেইভাবে ভাবলে তো হচ্ছেই।