মুজাহিদ ষড়যন্ত্রের শিকার: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সরকারি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ‘মিথ্যা’ মামলায় তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দিয়েছে জামায়াত।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার ৪০ মিনিট পর দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে সারা দেশে হরতালের কর্মসূচি ঘোষণা দেন। বিবৃতিতে অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান ইত্যাদি ‘শান্তিপূর্ণ’ হরতালের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে জামায়াত দাবি করেছে, জনগণসহ বিশ্ববাসীর কাছে স্পষ্ট যে বিনা অপরাধে এবং আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হওয়া সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে মুজাহিদকে সরকারি পরিকল্পনায় হত্যার উদ্দেশে৵ এ দণ্ডের ব্যবস্থা করা হয়েছে। এতে আরও বলা হয়, যে মামলায় মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তা সম্পূর্ণ মিথ্যা। এ মামলার তদন্ত কর্মকর্তা স্বীকার করেছেন, মুজাহিদের বিরুদ্ধে ফরিদপুরে বা দেশের অন্য কোথাও একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সংঘটিত কোনো অপরাধের জন্য মামলা হয়েছে, এমন তথ্য তিনি পাননি। এমনকি মুজাহিদ আল-বদর, শান্তি কমিটি, রাজাকার, আল-শামস বা এ ধরনের কোনো সহযোগী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এমন কোনো তথ্যও তদন্ত কর্মকর্তা পাননি।
মৃত্যুদণ্ডের রায়ে হতাশা প্রকাশ করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির বিবৃতিতে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুজাহিদকে সরকারি ষড়যন্ত্রে হত্যা করা সম্ভব হলেও তাঁর রাজনৈতিক আদর্শ হত্যা করা সম্ভব নয়।’
বাস চালাবে মালিক সমিতি: এক বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বলেছে, তারা অগণতান্ত্রিক হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বাস চলাচল অব্যাহত রাখবে। যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তজেলা রুটের গাড়ি চলবে। পরিবহন চলাচলের জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি মো. আবুল কালাম।