মুজাহিদের ক্ষমা চাওয়ার খবর অসত্য: জামায়াত
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন বলে গণমাধ্যমে প্রচারিত খবর অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। আজ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই দাবি করেন।
শফিকুর রহমান দাবি করেন, পরিবারের সঙ্গে সাক্ষাতে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে পরামর্শের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শের ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি পরিবারের কাছে প্রাণভিক্ষার বিষয়ে কোনো বক্তব্য দেননি। পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যেও মুজাহিদ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে চেয়েছেন বলা হচ্ছে।
জামায়াতের এই নেতা বলেন, আইনজীবীরা মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। বিভিন্ন গণমাধ্যমেÿক্ষমা চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়। তিনি মুজাহিদের সঙ্গে আইনজীবীদের যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ জানান। একই সঙ্গে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে কারা কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য দাবি করেন।