মুজাহিদের দম্ভের চূড়ান্ত পতন হলো: শাহরিয়ার কবির

জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির রায়ের প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, এই রায়ের মধ্য দিয়ে শহীদ পরিবারগুলোর ৪৪ বছরের রক্তক্ষরণ কিছুটা হলেও প্রশমিত হলো। এই রায়ের মধ্য দিয়ে মুজাহিদের দম্ভের চূড়ান্ত পতন হলো।
শাহরিয়ার কবির বলেন, মুজাহিদ বলেছিলেন, ‘এ দেশে কোনো যুদ্ধাপরাধী নেই, বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধ হয়নি।’ তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় আমাকে ১১ দিন ধরে জেরা করা হয়েছিল। তখন আমার মনে হয়েছিল, আমাকে আসামিপক্ষের আইনজীবী জেরা নয়, শাস্তি দিয়েছিল। বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের সাক্ষীদের হত্যা, গুম ও নির্যাতন করেছে। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের উদ্দেশ্য সফল হলো না।’
চূড়ান্ত ফাঁসির রায়ের এই দিনে শাহরিয়ার কবির স্মরণ করেন শহীদ জননী জাহানারা ইমাম ও কবি সুফিয়া কামালকে। তিনি বলেন, জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন। তাঁর কষ্ট আজ সফল হতে চলেছে। এ ছাড়া ১৯৯৩ সালে কবি সুফিয়া কামালের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে গণতদন্ত কমিটি ছিল, সেখানেও সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নাম ছিল। তাঁদের দেখানো পথেই আজ বাংলাদেশ কলঙ্কমুক্ত হতে শুরু করেছে।
শাহরিয়ার কবির বলেন, মুজাহিদের বিরুদ্ধে এই রায়ের মধ্য দিয়ে আলবদর বাহিনীতে তাঁর নেতৃত্বের দায় প্রতিষ্ঠিত হলো। ফলে ওই বাহিনীর সব দায়দায়িত্ব তাঁর ওপর বর্তালো। স্বাধীনতার সময় মুজাহিদের স্বাধীনতাবিরোধী ভূমিকার কথা বলতে গিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় মুজাহিদ মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য উৎসাহ দিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের ‘ভারতের দালাল’ বলে আখ্যায়িত করেছিলেন। মুজাহিদ তাঁর বক্তব্যের মধ্য দিয়ে গণহত্যার ক্ষেত্র তৈরি করেছিলেন।
মুক্তিযুদ্ধের ৪৪ বছর পর এই রায়ের প্রসঙ্গে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির এই নেতা বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে এই যুদ্ধাপরাধীদের রায়ের জন্য আমাদের ৪৪ বছর অপেক্ষা করতে হলো।’ মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে তিনি অনেক চাপ সামলেছেন। এই স্বাধীনতাবিরোধীদের বিচারের জন্য ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন।