শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদ জুটি ভেঙে না গেলে উন্নয়নের জন্য এ দেশের মানুষকে এখনো তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হতো না। বাংলাদেশের জন্য এই জুটি ছিল সবচেয়ে উপযুক্ত। তাঁদের মধ্যে দূরত্ব হলো সবচেয়ে দুঃখজনক।
গতকাল শনিবার এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ এ কথা বলেন। এশিয়াটিক সোসাইটি ‘তাজউদ্দীন আহমদ—সময় যাকে তৈরি করেছিল এবং যিনি সময়কে অতিক্রম করতে চেয়েছিলেন’ শীর্ষক এই বক্তৃতার আয়োজন করে। বক্তৃতায় এম এম আকাশ বলেন, রাজনৈতিক জীবনে অনেক ক্ষেত্রে তাজউদ্দীন সময়কে অতিক্রম করতে পেরেছিলেন। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তিন মাসের মধ্যে তিনিও খুন হন। এই সময়কে অতিক্রমের কোনো সুযোগ তিনি পাননি।
এম এম আকাশ বলেন, বঙ্গবন্ধু ছিলেন অনেক বড় হৃদয়ের মানুষ। মানুষের পাশে থাকতেন। মানুষের মনের কথা বুঝতে পারতেন। কিন্তু রাষ্ট্র পরিচালনায় যেসব গুণ থাকা প্রয়োজন ছিল, এর অনেক কিছুই তাঁর (বঙ্গবন্ধু) মধ্যে ছিল না। অন্যদিকে তাজউদ্দীন আহমদের বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল অসাধারণ। এই দুজন ছিলেন একটি দারুণ জুটি। সময়ের প্রয়োজনেই তাঁরা কাছাকাছি এসেছিলেন। তাঁরা ছিলেন একে অপরের পরিপূরক। তবে এ-ও ঠিক, একটা সময় শেখ মুজিব তাঁকে পরিত্যাগ করেছিলেন। কিন্তু তাজউদ্দীন কখনো শেখ মুজিবকে পরিত্যাগ করেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, স্বাভাবিকভাবেই শেখ মুজিবের মৃত্যুর পর তাজউদ্দীনের বেঁচে থাকার কারণ ছিল না। তাজউদ্দীন নিজেও সে কথা বিভিন্ন সময়ে বলেছেন। তিনি বলেন, ‘বাকশাল গঠনের পর তাজউদ্দীন বলতেন, মুজিব ভাই তাদের সহমরণের ব্যবস্থা করেছেন। যদিও তিনি শেখ মুজিবকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারতেন না।’
স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটি ট্রাস্টের চেয়ারপারসন খন্দকার বজলুল হক। তাজউদ্দীনের জীবনী পাঠ করেন মেমোরিয়াল ট্রাস্টের আহ্বায়ক সাব্বির আহমেদ। অনুষ্ঠানে তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমীন আহমদ বক্তব্য দেন।