বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ মুজিব হত্যার পরে যারা ক্ষমতায় বসেছিল, তারাই মুজিব হত্যার মূল চাবিকাঠি ঘুরিয়েছিল। সুষ্ঠুভাবে তদন্ত করলে দেখা যাবে, আওয়ামী লীগের নেতারাই এর সঙ্গে জড়িত।’
গতকাল শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বলছেন যে বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিলেন—এ বিষয়ে বিএনপির বক্তব্য জানতে চাইলে দলের মহাসচিব বলেন, ‘শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যার পর ক্ষমতায় বসেছিল কারা? আওয়ামী লীগ। এটা খুব পরিষ্কার, যারা শেখ মুজিব হত্যার পরে ক্ষমতায় বসেছিল, তারাই এটার মূল চাবিকাঠি ঘুরিয়েছিল। শেখ মুজিব হত্যার যদি সত্যিকার অর্থেই সুষ্ঠুভাবে তদন্ত করা হয়, তাহলে দেখা যাবে তাদের নেতারাই এর সঙ্গে পুরোপুরি জড়িত।’
জঙ্গি মোকাবিলার নামে প্রতিপক্ষকে ঘায়েল: মির্জা ফখরুল বলেন, আজকে জঙ্গিবাদের যে দানব দেশকে গ্রাস করতে চলেছে, সেই জঙ্গিবাদকে সুষ্ঠুভাবে মোকাবিলা না করে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে। যার ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে। এ বিষয়গুলোর দ্রুত অবসানকল্পে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় সবাই একমত হয়েছেন।