
চিকিৎসকদের সংগঠন বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষই নিজেদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সমর্থিত প্যানেল হিসেবে দাবি করেছে। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্যানেল পরিচিতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে মুজিবুল হক খান-ফয়সাল ইকবাল পরিষদ।
আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাচিপ চট্টগ্রাম থেকে এবার দুটি পরিষদ নির্বাচন করছে। ২২ ডিসেম্বর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩ ডিসেম্বর নাসির উদ্দিন-মিনহাজুর রহমান পরিষদও একই দাবি করেছিল। ওই দিন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক এম এ আজিজ প্রথম আলোকে নাসির-মিনহাজ পরিষদকে স্বাচিপের মূলধারার প্যানেল হিসেবে উল্লেখ করেছিলেন। তবে ৪ ডিসেম্বর স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান প্রথম আলোকে বলেন, ‘বিএমএ চট্টগ্রামের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষই আমাদের রাজনীতি করে। আমরা কোনো পক্ষকে সমর্থন দিইনি। আমরা সমঝোতার চেষ্টা করেও পারিনি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন-সমর্থিত মুজিবুল হক-ফয়সাল ইকবাল পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রার্থী কেন্দ্রীয় স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাচিপের সাধারণ সভায় সর্বসম্মতিতে মুজিব-ফয়সাল পরিষদকে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু অপর একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য আরেকটি প্যানেল ঘোষণা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। তারা পূর্ণ প্যানেলও ঘোষণা করতে পারেনি। চট্টগ্রামে বিএমএর ২৩টি পদের মধ্যে ২২টিতে এবং কেন্দ্রীয় কাউন্সিলে ৪৪ পদের মধ্যে মাত্র ১৮টিতে মনোনয়ন দিতে পেরেছে। ২২ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেওয়া হবে।
বিএমএর বর্তমান কমিটির কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ সম্মেলনে মুজিবুল হক-ফয়সাল পরিষদের নেতারা বলেন, ‘আমরা চিকিৎসকদের সুখে-দুঃখে ছিলাম। মিথ্যা মামলার মাধ্যমে চিকিৎসকদের হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যাওয়ার প্রতিবাদে আমরা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ করে দিয়েছিলাম। আমাদের দাবি, স্বাস্থ্য সুরক্ষা আইনের নামে যে কালো আইনের খসড়া নীতিমালা প্রণীত হয়েছে, তাতে কিছু ধারা চিকিৎসক ও চিকিৎসাসেবা পরিপন্থী। এই ধরনের আইন আমরা মেনে নেব না।’
সংবাদ সম্মেলনে ১৫টি অঙ্গীকারনামা তুলে ধরা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন, চিকিৎসকদের জন্য বিএমএর উদ্যোগে চালু করা আইনি সহায়তাকে আরও কার্যকর করা, অসুস্থ চিকিৎসকদের জন্য দুস্থ তহবিল গঠন ও বাস্তবায়ন, বিএমএ ভবনকে ১৪ তলাবিশিষ্ট বহুতল কমপ্লেক্স হিসেবে নির্মাণ করা অন্যতম। এ ছাড়া ভোক্তা অধিকার আইনের অপব্যবহার করে বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয়কেন্দ্রে হয়রানি বন্ধে পদক্ষেপও নেওয়া হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএমএ চট্টগ্রামের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ। আরও বক্তব্য দেন মুজিব-ফয়সাল পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম ও বিএমএ চট্টগ্রামের বর্তমান সভাপতি মুজিবুল হক খান।
এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘স্বাচিপের আরেকটি পক্ষও নির্বাচন করছে। আমরা কাউকে বাধা দিচ্ছি না। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। চিকিৎসকেরা যোগ্যতা বিচার করবেন।’
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইয়ুবুর রহমান, সহসভাপতি প্রার্থী মনোয়ার উল হক শামীম, সহসভাপতি প্রার্থী মো. সেলিম আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ প্রার্থী মোহাম্মদ আরিফুল আমীন, যুগ্ম সম্পাদক প্রার্থী মো. রবিউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।