মুজিবের বঙ্গবন্ধু হওয়ার গল্প শোনালেন তোফায়েল
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান কীভাবে বঙ্গবন্ধু হলেন, সেই গল্প শোনালেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার যুবলীগ আয়োজিত মাসব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এ গল্প শোনান।
উনসত্তরের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে তোফায়েল আহমেদ বলেন, ‘২১ ফেব্রুয়ারি পল্টনে জনসভা করে আইয়ুব খানকে বললাম, ২৪ ঘণ্টার মধ্যে শেখ মুজিবকে মুক্তি দিতে হবে। ঠিকই ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বঙ্গবন্ধুকে তারা মুক্তি দিল। তিনি ৩২-এ এলেন। কত মানুষ! পরের দিন ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আমরা বঙ্গবন্ধুকে গণসংবর্ধনা দিলাম। সেখানে বঙ্গবন্ধুকে সামনে রেখে অনেক কথা বলেছিলাম। বলেছিলাম—প্রিয় নেতা, বাংলার মানুষ আজ ধন্য, তোমাকে তাদের মাঝে পেয়ে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে দিন কাটিয়েছ। বাঙালি জাতি তোমার কাছে ঋণী। এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না। আজকে একটা উপাধি দিয়ে সেই ঋণের বোঝাটা হালকা করতে চাই। যে নেতা তাঁর যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই নেতাকে কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো। সত্যিকার অর্থেই তিনি বঙ্গবন্ধু ছিলেন।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে এসেছিলেন। বেশ কয়েকটি বৈঠক করেছেন। এমন একটি বৈঠকে আমারও থাকার সুযোগ হয়েছে। সেখানে তিনি বলেছেন, ১৯৭১ সালে আপনাদের মুক্তিযুদ্ধে তৎকালীন নিক্সন সরকার বিরোধিতা করছিল সত্যি। কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ আপনাদের সমর্থন করেছিল। আমিও তখন আপনাদের মুক্তিযুদ্ধের সমর্থক ছিলাম।’
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ গাজী গোলাম দস্তগীর, সিরাজুল ইসলাম মোল্লা, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু প্রমুখ।