মুন্সিগঞ্জে বিএনপির অনুষ্ঠানে আওয়ামী লীগের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিএনপির বিজয় দিবসের অনুষ্ঠানে হামলায় ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার জন্য বিএনপির নেতারা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন। তবে আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
গুরুতর আহত ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম (৪০) ও দলের কর্মী আল আমিনকে (২২) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাঁদের ঢাকায় পাঠানো হয়। অন্যরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরে ১০০ গজ দূরত্বে আওয়ামী লীগ ও বিএনপি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বিকেল পাঁচটায় আওয়ামী লীগের সভা শুরু হয়। তখন বিএনপির আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ সময় ১০-১৫ জন মোটরসাইকেল নিয়ে বিএনপির মঞ্চে হামলা করে। এতে বিএনপির ১৫ জন নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিজয় দিবসের অনুষ্ঠান করছিলাম। এমন সময় পাশের আওয়ামী লীগের সভামঞ্চ থেকে সন্ত্রাসীরা এসে অনুষ্ঠানে হামলা করে। এতে দলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
এ অভিযোগ অস্বীকার করে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তাফা বলেন, ‘সেখানে তেমন কিছু ঘটেনি। আমি একটি অনুষ্ঠানে আছি। এ বিষয়ে পরে কথা বলব।’
সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন গতকাল রাতে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।