মুন্সিগঞ্জে সহিংসতার আশঙ্কা ভোটারদের
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা থাকায় মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা করছেন ভোটাররা। কাল শনিবার দুই উপজেলার ১৪ ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে সাত ইউপিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী নেই। ইতিমধ্যে দুটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ইউপিগুলোতে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তিরা হলেন সদরের চরকেওয়ার ইউপির আক্তারুজ্জামান জীবন ও গজারিয়ার বাউশিয়া ইউপির মিজানুর রহমান প্রধান। বাউশিয়ায় বিএনপির প্রার্থীকে অর্থের বিনিময়ে বসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অন্য যে পাঁচটি ইউপিতে বিএনপির প্রার্থী নেই, সেগুলো হচ্ছে সদরের আধারা, মহাকালি ও বাংলাবাজার এবং গজারিয়ার বালুয়াকান্দি ও ভবেরচর।
গজারিয়ার কয়েকজন ভোটার জানান, গত ৮-১০ দিনে সেখানে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে গত সোমবার হোসেন্দি ইউনিয়নে আওয়ামী লীগের ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে ছাত্রলীগের এক নেতা নিহত হন। এ নিয়ে ওই ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে। ভোটাররা আতঙ্কিত।
এ ছাড়া গজারিয়ার ইমামপুর, গুয়াগাছিয়া ও বালুয়াকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় সেসব ইউনিয়নে নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কা করছেন ভোটাররা।
সদরের ছয় ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন। শিলই ও মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির প্রার্থী থাকলেও তাঁদের কোনো প্রচারণা নেই। বাংলাবাজারে সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা গোলাম মর্তুজা সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদরের একাধিক ভোটার বলেছেন, মোল্লাকান্দি, আধারা ও মহাকালি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় এসব ইউনিয়নে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। মোল্লাকান্দিতে বোমাবাজি ও গোলাগুলির ঘটনা অনেকটা নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মোল্লাকান্দিতে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ছেড়ে দিয়ে এলাকা দখল ও পাল্টা দখলের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিম বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব ও পুলিশের প্রয়োজনীয় সদস্য মাঠে থাকবেন। কোনো অনিয়ম বরদাশত করা হবে না।