মুন্সিগঞ্জে ১৪ ইউপির সাতটিতেই আ.লীগের বিদ্রোহীদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা দলের মনোনীত প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। তাঁরা সাত ইউপিতে জয়ী হয়েছেন। আর আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন ছয়টিতে। এর মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাঁরা।
আর গজারিয়ার ভবেরচর ইউপির একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত থাকায় সেখানকার ফল স্থগিত রয়েছে। এই ইউনিয়নেও আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী এগিয়ে রয়েছেন।
গত শনিবার মুন্সিগঞ্জ সদরের ছয়টি ও গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪ ইউনিয়নের মধ্যে পাঁচটিতে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি। সবগুলোতেই তাদের মনোনীত প্রার্থীরা পরাজিত হন।
আওয়ামী লীগের বিজয়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নে জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. শহিদুজ্জামান, হোসেন্দি ইউনিয়নে গজারিয়া যুবলীগের সভাপতি মাহবুবুল হক, টেঙ্গারচর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এম এম ছালাহ উদ্দিন, ইমামপুর ইউনিয়নে গজারিয়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনসুর আহমেদ খান এবং সদরের মোল্লাকান্দি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মহসিনা হক, মহাকালিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম ও আধারায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির।
আর আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন সদরের চরকেওয়ার ইউপিতে আক্তারুজ্জামান জীবন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), বাংলাবাজার ইউনিয়নে মো. সোহরাব হোসেন ও শিলই ইউপিতে আবুল হাসেম এবং গজারিয়ার গজারিয়া ইউনিয়নে আবু তালেব ভূঁইয়া, গুয়াগাছিয়ায় আবুল খায়ের মোহাম্মদ খোকন ও বাউশিয়া ইউনিয়নে মিজানুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
গজারিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সেখানকার ভবেরচর ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে। ইউনিয়নের ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের দিন সহিংস ঘটনায় ব্যালট ছিনতাই হয়ে যাওয়ায় ভোট গ্রহণ বাতিল করা হয়। এই কেন্দ্রে ভোট রয়েছে ১ হাজার ৮৯০। স্থগিত কেন্দ্রের ফলাফল ছাড়া সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহিদ মো. লিটন ও আরেক বিদ্রোহী প্রার্থী রাজিব হোসেন ঢালীর চেয়ে এগিয়ে রয়েছেন। তাঁদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ১২৩।
জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ভবেরচর ইউপির বাতিল হওয়া কেন্দ্রে চেয়ারম্যান পদে এবং ওই কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যপদে পদে পুনরায় ভোট হবে।