মুরাদ হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিচারিক তদন্ত চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরাদ হাসান
ফাইল ছবি

অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রক্ষাপটে সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো জামালপুর-৪ আসনের সাংসদ মুরাদ হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিচারিক তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট হয়েছে।

আজ বুধবার হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় রিটটি দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আবেদনকারী হয়ে রিটটি করেন। এতে মুরাদ হাসানের আসন (জামালপুর-৪) শূন্য ঘোষণায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রুল চাওয়া হয়েছে। পরে ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার রিটটি হাইকোর্টে দাখিল করা হবে। আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

রিটে আবেদন সূত্রে জানা গেছে, জামালপুর-৪ আসনের সাংসদ মুরাদ হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে জুডিশিয়াল তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং তাঁর আসন (জাপালপুর-৪) শূন্য ঘোষণা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। এ ছাড়া তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড ও টেলিফোন সংলাপ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে।

আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় মুরাদ হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে বিচারিক তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ও স্বরাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়েছে।