মুলাদীতে সাংসদ টিপুর সংবর্ধনায় ছাত্রলীগের হাঙ্গামা
বরিশালের মুলাদী উপজেলায় সাংসদ শেখ টিপু সুলতানের সংবর্ধনা অনুষ্ঠানে হাঙ্গামা করেছে পূর্ব হোসনাবাদ কলেজ ছাত্রলীগের কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল শনিবার বেলা ১১টায় ওই কলেজে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী কলেজশিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, গতকাল কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে স্থানীয় সাংসদ ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতানকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ জন্য কলেজ মাঠে প্যান্ডেল এবং প্রধান ফটকে তোরণ নির্মাণ করা হয়। সকাল ১০টার দিকে ছাত্রলীগের কিছু কর্মী কলেজে ঢুকে হইচই শুরু করেন। একপর্যায়ে চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
এ সময় তোরণের কাপড় ছিঁড়ে ফেলা হয়। ছাত্রলীগের কর্মীরা চলে যাওয়ার পর বেলা ১১টার দিকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়।
কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান জানান, সংবর্ধনা অনুষ্ঠানের কর্তৃত্ব নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কিছুটা হাঙ্গামা হয়েছে। পরে সংবর্ধনা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে হাঙ্গামাকারী ব্যক্তিদের নাম বলতে চাননি কেউ।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, সংবর্ধনা অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণ করা হয়েছে।