মুসলিম লীগের চেয়েও খারাপ অবস্থা বিএনপির: মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনেক ইউপিতে প্রার্থী খুঁজে না পাওয়ায় বিএনপির অবস্থা মুসলিম লীগের চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, ‘একটা জিনিস লক্ষ করে দেখলাম, এই নির্বাচন নিয়ে বিএনপির কোনো উৎসাহ নাই। প্রার্থী খুঁজে পায় না। ইউপি নির্বাচনে প্রার্থী খুঁজে পায় না, ওই দল তো মুসলিম লীগের চেয়ে খারাপ হয়ে গেছে।’
আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আগামীকাল বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মায়া এসব কথা বলেন। কর্মসূচির মধ্যে রয়েছে—বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামীকাল সকাল সাতটায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির একটি কেন্দ্রীয় প্রতিনিধিদলের টুঙ্গিপাড়ায় যাত্রা। শুক্রবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্ধিত সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের কিন্তু ১০-২০ জন করে প্রার্থী। কারে থুয়ে কারে দেয়, প্রধানমন্ত্রীর হুঁশ নাই। সবাই যোগ্য প্রার্থী। প্রার্থী খুঁজে পায় না বিএনপি, দোষ দেয় আওয়ামী লীগের। যার ভোট সে দেবে, আমাদের কী মাথাব্যথা? আমরা নৌকা নিয়ে নামছি, ওনারা ধানের শীষ নিয়া নামছে, মানুষ যারে পছন্দ করবে তারে ভোট দেবে। হারলে আওয়ামী লীগের দোষ, জিতলে কিন্তু কিছু বলে না। এই যে চরিত্র বিএনপির, এর থেকে তারা এখনো বেরিয়ে আসতে পারল না।’

আগামীকাল বঙ্গবন্ধুর জন্মদিন পালন নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘যেই দল, যেই ব্যক্তি আগামীকাল দিনটা পালন করবে না, এরা বাংলাদেশের কুলাঙ্গার। এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা গণদুশমন।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।