মূল প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ বিএনপি আর জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আজ মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৫ এপ্রিল প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা।

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মোখছেদুল মোমিন, ধানের শীষ বিএনপির শওকত হায়াত শাহ, লাঙল জাতীয় পার্টির ইলিয়াস চৌধুরী ভলু এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের নুরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মুনতাকিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, উপজেলার ৭১টি ভোটকেন্দ্রে ভোট হচ্ছে। প্রতি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে চারজন কনস্টেবল, ১২ জন করে আনসারসহ ১৭ জন দায়িত্ব পালন করবেন। একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ৬ সদস্যের ১৪টি মোবাইল টিম কাজ করবে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি এবং র‍্যাবের ৪টি টিমও মাঠে থাকবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে সৈয়দপুর উপজেলায় ভোটারের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৫০৭ জন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অবাঙালি ভোটার বলেন, তাঁরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। তবে প্রধান তিন দলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন অধিকাংশ ভোটার।

গত ১ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার মৃত্যুবরণ করায় এ উপজেলায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।