কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচন কাল রোববার। কে হবেন এই পৌরসভার পরবর্তী মেয়র, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে মেয়র পদে মূল লড়াই আওয়ামী লীগ ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মধ্যে হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এ কথা জানিয়েছেন স্থানীয় কয়েকজন ভোটার।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট পৌর এলাকার ১১টি ভোটকেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। এসব ভোটকেন্দ্রের জন্য বাড়তি লোকবলসহ প্রশাসনের নজরদারি থাকবে।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল মালেক ও বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ওরফে ছোট নয়নের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। এ পৌরসভায় মেয়র পদে ওই দুজনসহ পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে দুজন প্রার্থী হয়েছেন। এ নির্বাচনে ভোটার ১৭ হাজার ২১৮ জন।
এ পৌরসভায় মেয়র পদে অপর তিন প্রার্থী হলেন বিএনপি মনোনীত পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির কাজী মো. জামাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসমাঈল হোসেন। আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য চার প্রার্থীই সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন।
বিভিন্ন দলের অন্তত ১০ জন নেতা-কর্মী ও প্রশাসনের কয়েকজন ব্যক্তি বলেন, ১১টি ভোটকেন্দ্রের মধ্যে সাতটি অতি ঝুঁকিতে রয়েছে। এগুলো হচ্ছে নাঙ্গলকোট শিশু নিকেতন, ধাতীশ্বর, বাতুপাড়া, নাওগোদা, কেন্দ্রা, দাউদপুর ও খান্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এর মধ্যে ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত পৌরসভা নির্বাচনে গোলাগুলি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
নাঙ্গলকোট আওয়ামী লীগ ও বিএনপির অন্তত পাঁচজন শীর্ষনেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ভলড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থীর সঙ্গে। আওয়ামী লীগ প্রার্থীর রয়েছে বিশাল কর্মী বাহিনী আর বিদ্রোহী প্রার্থীর রয়েছে বিপুল জনপ্রিয়তা ও শিক্ষাগত যোগ্যতা।
এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, প্রশাসন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচনে এক প্লাটুন বিজিবি, র্যা ব ও পুলিশ মোতায়েন করা হবে।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আবদুল মালেক বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। দলের জন্য যোগ্য বলেই মনোনয়ন পেয়েছি। আশা করি, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমার বিজয় হবে।’
বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে ভোটের ফল অন্য রকম হবে। প্রশাসনের কাছে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ চাই।’