মে দিবসে আ.লীগ নেতার 'নৈশভোজ'
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী মে দিবস উপলক্ষে এক ‘নৈশভোজের’ আয়োজন করেন। গত শুক্রবার শহরের কলেজ বাজার এলাকায় তাঁর ভাড়া বাসায় এ আয়োজন করা হয়।
আসন্ন আক্কেলপুর পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হচ্ছেন। শ্রমিকদের তুষ্ট করতে তিনি মে দিবসে নৈশভোজের আয়োজন করেছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাসার পাশে কলেজের ছাদে মে দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সোলায়মান আলী। আলোচনা সভায় দলের স্থানীয় নেতা ও শ্রমিক সংগঠনের নেতারাও বক্তব্য দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৈশভোজ উপলক্ষে বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন আসতে শুরু করে। সন্ধ্যার পরপরই পাঁচতলা বাসার প্রতিটি কক্ষ পরিপূর্ণ হয়ে যায়। আলোচনা সভা শেষে রাত সাড়ে ১০টার দিকে খাবার পরিবেশন করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘আমি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছি। এটি এলাকার কারও অজানা নেই। মে দিবস উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছি। অন্য কোনো উদ্দেশ্যে করিনি।’
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম দাবি করেন, নারী-পুরুষ মিলিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ নৈশভোজে অংশ নেয়।