মেডিকেল বোর্ড নিয়ে অসন্তুষ্ট বিএনপি

বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার জন্য সরকারের গঠিত মেডিকেল বোর্ডে উপযুক্ত ও সঠিক চিকিৎসা হবে না বলে মনে করছে বিএনপি। দলটি বলছে, তারা এই বোর্ড নিয়ে সন্তুষ্ট নয়।
আজ রোববার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা মনে করি না যে সরকার –দলীয় সমর্থক চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসা হবে। এটা আমরা বিশ্বাস করতে পারছি না।’ আগে যাঁরা খালেদা জিয়ার চিকিৎসা করতেন, তাঁদের অন্তর্ভুক্ত করে নতুন করে মেডিকেল বোর্ড করার দাবিও জানান বিএনপি আমলের সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।
৯ সেপ্টেম্বর বিএনপির জ্যেষ্ঠ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সঙ্গে বৈঠক করে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আজকের সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ ওই বৈঠকের প্রসঙ্গ তুলে বলেন, ‘ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছিলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত কিছুসংখ্যক চিকিৎসক এবং সরকারের কিছু চিকিৎসক দিয়ে একটি মেডিকেল বোর্ড করবেন। তিনি আরও বলেন, ‘বোর্ডের সদস্যদের নিয়ে আমরা হতাশ হয়েছি। যখন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তখন দেখা গেল শুধু সরকারের দেওয়া ডাক্তারদের দিয়ে এই বোর্ড করা হয়েছে। আমরা মনে করি, সরকার–সমর্থিত চিকিৎসকদের দিয়ে যে বোর্ড করা হয়েছে, সেই বোর্ডের পরামর্শে সঠিক চিকিৎসা হবে না।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক আবদুল জলিল চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্য গতকাল শনিবার কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসেন। আজ তাঁদের ব্যবস্থাপত্র দেওয়ার কথা।
বিএনপি পক্ষ থেকে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানানো হচ্ছে। অবশ্য সরকার বলছে, বিএসএমএমইউ কিংবা সিএমএইচে চিকিৎসা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।