মেধাবীরা রাজনীতিতে না এলে দেশ ক্ষতিগ্রস্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে না এলে রাজনীতিকদের খালি চেয়ারগুলোতে খারাপ মানুষ বসে যাবে। এতে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে, আর ক্ষতিগ্রস্ত হবে দেশ।

গতকাল রোববার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ আয়োজিত আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ‘বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস মিলনায়তনে’ আয়োজিত অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সবাই ভালো কথা বলেন। এত বেশি ভালো কথা বলা হয়েছে,Ñ সে তুলনায় ভালো কাজ নেই। তাই কথা কম বলে কাজ করে দেখাতে হবে। তাহলে দেশের উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে গেলে আমরা এগিয়ে যেতে পারব।’

সেতুমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামানকে উদ্দেশ করে বলেন, ‘আমি ভিসি সাহেবকে অনুরোধ করছি, আপনি শিক্ষকদের নিয়ে রাজনীতি করবেন না। ছাত্রদেরও শিক্ষকদের রাজনীতিতে জড়াবেন না। ছাত্রদের নিয়ে শিক্ষকেরা যদি রাজনীতি করেন, তাহলে শিক্ষার পরিবেশ আর থাকবে না। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর অনেক দেশ এগিয়ে যাচ্ছে। আমরাও তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন সহ-উপাচার্য মো. আবুল হোসেন।