মেন্দিকে ইসরায়েলি গুপ্তচর বলায় বিস্মিত আয়োজকেরা
বিএনপির নেতা আসলাম চৌধুরী যে ইসরায়েলি নাগরিকের সঙ্গে ভারতে বৈঠক করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, সেই মেন্দি এন সাফাদিকে গুপ্তচর বলে উল্লেখ করায় তাঁর আমন্ত্রণকারীরা বিস্ময় প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, মেন্দি এন সাফাদি নামে ওই ইসরায়েলি একজন
গবেষক ও রাজনীতিক। তিনি মোসাদের কেউ নন।
মেন্দি ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং সম্প্রতি ভারত-ইসরায়েল সম্পর্ক ও আরও নানা বিষয় নিয়ে কথা বলতে তিনি বেশ ঘনঘনই ভারতে এসেছেন। ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি অ্যান্ড পাবলিক রিলেশনস নামে তিনি একটি থিঙ্কট্যাংক বা গবেষণা প্রতিষ্ঠান চালান এবং ভারতের একাধিক বিশেষজ্ঞের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। এঁদের একজন মে. জেনারেল (অব.) গগনদীপ বক্সি। সাফাদিকে একজন গুপ্তচর হিসেবে সন্দেহ করায় বিস্ময় প্রকাশ করেন জেনারেল বক্সি। তিনি বলেন, ‘দেখুন, ইসরায়েলে ওনার ভূমিকা নিয়ে আমি জানি না। তবে ইসরায়েল সরকারের খুব উঁচু মহলে ওনার প্রভাব আছে বলেই আমার মনে হয়েছে। খুব জ্ঞানী লোক, অনেক কিছু জানেন। তিনি ইসরায়েল সরকারের অংশ এবং নিজে একজন উচ্চপদস্থ কর্মকর্তা।’
দিল্লির সেমিনারে যে প্রতিষ্ঠানটি মেন্দি এন সাফাদিকে আমন্ত্রণ জানিয়েছিল, সেই ‘ইন্ডিয়ান সিটিজেনস সিকিউরিটি কাউন্সিল’ সংগঠন মনে করছে দিল্লিতে এসে তিনি বাংলাদেশে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করবেন, সেটা সম্পূর্ণ অবিশ্বাস্য। সংগঠনের আহ্বায়ক বিজয় কুমার বলেন, ‘আমাদের আলোচনায় আমরা নানা মতের লোকজনকে কথা বলার প্ল্যাটফর্ম দিই। তাঁদের সঙ্গে এটুকুই আমাদের সম্পর্ক। সাফাদিকেও এভাবেই আমরা ডেকেছিলাম। কিন্তু দিল্লিতে এসে তিনি আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হবেন, এটা ভাবার কোনো কারণ নেই। উনি আমাদের সেমিনারে ১০ মিনিট ভাষণ দিয়েছেন, ব্যস এটুকুই।’
বস্তুত আসলাম চৌধুরীর সঙ্গে সাফাদির যে দেখা হয়েছিল, সেটা কিন্তু ঠিক দিল্লিতে নয়, হয়েছিল আগ্রায়। সেখানে উপস্থিত ছিলেন আগ্রা শহরের মেয়র ইন্দ্রজিৎ বাল্মীকিও, যাঁর উপস্থিতিতে দুজনকে মালা পরানো হয়। উপলক্ষটা ছিল আগ্রার সঙ্গে ইসরায়েলের সামারিয়া শহরকে ‘টুইন সিটি’ হিসেবে ঘোষণা করা। আগ্রার মেয়র বলেন, ‘এই টুইন সিটির প্রস্তাবটা এসেছিল ইসরায়েলি প্রতিনিধিদলের কাছ থেকেই। ওরাই আমার সঙ্গে দেখা করতে চান, আমি তাজমহলে সেই অনুষ্ঠানের ব্যবস্থা করি। সেখানেই সাফাদি এসেছিলেন, আরও হয়তো অনেকে এসেছিলেন, সবাইকে তো আমার পক্ষে চেনা সম্ভব নয়। অনেক বড় দল ছিল।’ কিন্তু আসলাম চৌধুরীও কি সেখানে ছিলেন? মেয়র তা অস্বীকার করছেন না, কিন্তু একই সঙ্গে বলছেন আসলাম চৌধুরী যে বাংলাদেশি নাগরিক, সেটাই তিনি জানতেন না।
তবে আগ্রার মেয়রের কার্যালয়েরই একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, চট্টগ্রামের ব্যবসায়ী আসলাম চৌধুরীর ব্যবসার কাজে আগ্রাতেও যাতায়াত আছে, সেই সুবাদেই তিনি হয়তো শহরের মেয়রের আয়োজিত কোনো অনুষ্ঠানে গিয়ে থাকতে পারেন। তবে একই অনুষ্ঠানে সাফাদি ও আসলাম চৌধুরীর দেখা হয়ে থাকলেও তাঁদের মধ্যে কোনো বৈঠকের খবর জানা নেই বলেই সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন।