মেয়র পদপ্রার্থী তিনজন নির্বাচনী কমিটি ৪৩টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিনটি বড় রাজনৈতিক দলের মেয়র পদপ্রার্থীরা তিন ডজনেরও বেশি নির্বাচনী কমিটি গঠন করেছেন বলে খবর পাওয়া গেছে। নির্বাচনে নিজ নিজ প্রার্থীর পক্ষে পোস্টার, লিফলেট বিলি থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া ও ভালো-মন্দের খোঁজ-খবর রাখার দায়িত্বে রয়েছেন এসব নির্বাচনী কমিটির সদস্যরা।
বিএনপির প্রার্থী বর্তমান মেয়র রাজিউর রহমানের নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে ৮ ডিসেম্বর বিকেলে পীরগঞ্জ শহীদ জিয়াউর রহমান সড়কের রেজওয়ানুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে এক সভা হয়। দলীয় সূত্রে জানা গেছে, এটা ছিল নির্বাচনী প্রচার কমিটি গঠন-সংক্রান্ত শেষ সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সভাপতি রাজিউর রহমান প্রমুখ। ওই সভায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার কমিটি গঠন করা হয়।
বিএনপির মেয়র পদপ্রার্থী বলেন, ৮ ডিসেম্বর পর্যন্ত পীরগঞ্জ পৌরসভার নয় ওয়ার্ডে ১২টি প্রচার কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একটি আর বড় ওয়ার্ডগুলোতে একাধিক কমিটি হয়েছে। গোটা পৌরসভায় নির্বাচনী কমিটি ছাড়াও সার্বিক দেখাশোনার জন্য আরও তিনটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে প্রতীক ঘোষণা হলেই এসব কমিটির সদস্যরা পুরোদমে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন।
জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী গোলাম হোসেনের সর্বশেষ নির্বাচনী প্রচারণা কমিটিও ৮ ডিসেম্বর সন্ধ্যায় পীরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গুয়াগাঁও বাসস্ট্যান্ডে গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক সাংসদ হাফিজউদ্দীন আহাম্মদ। সভায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইসাহাক আলী, জাপা নেতা মেরাজউদ্দীন প্রমুখ বক্তব্য দেন।
জাতীয় পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসাহাক আলী বলেন, নির্বাচনী প্রচারকাজের জন্য উপজেলা নির্বাচন কমিটির নেতৃত্বে নয়টি ওয়ার্ডে নয়টি কেন্দ্রীয় কমিটি কাজ করবে। কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে নির্বাচন কমিটি করা হয়েছে। কমিটিগুলো নিয়ন্ত্রণ ও দেখাশোনার দায়িত্বে রয়েছেন সাবেক সাংসদ হাফিজউদ্দীন আহাম্মদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাপা নেতা ইসাহাক আলী।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও ৮ ডিসেম্বর সন্ধ্যায় পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়টি পৃথক প্রচার কমিটি গঠন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ ইমদাদুল হক। বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, সহসভাপতি শামীমুজ্জামান, মেয়রপ্রার্থী কশিরুল আলম প্রমুখ। প্রচার কমিটিকে সহায়তা দিতে আরও একাধিক কমিটি করা হয়েছে।
বিএনপির মেয়র পদপ্রার্থী রাজিউর রহমান বলেন, ‘আমার তো সাংসদ নেই, তাই বিপদের সময় জনগণই হবে আমার রক্ষক।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী গোলাম হোসেন বলেন, ‘আমি আবার নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।’
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কশিরুল আলম বলেন, ‘আমার আমলে পৌর এলাকা থেকে মদ-জুয়া, চুরি-ছিনতাই উবে গেছিল।’