বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন মেয়র প্রার্থীর সবাই এইচএসসি পাস। উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় প্রার্থীরা এ বিষয়টি তুলে ধরেছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান এইচএসসি পাস। তাঁর পেশা সাংবাদিকতা। ব্যবসাও করেন। কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ৫০ হাজার টাকা আর ব্যবসা থেকে পান ৬০ হাজার টাকা। বর্তমানে তাঁর হাতে নগদ টাকা রয়েছে ২৫ হাজার। তৌহিদুর রহমানের ২০ শতাংশ কৃষিজমি ও একটি আধা পাকা বাড়ি আছে। নির্বাচনে তিনি দুই লাখ টাকা ব্যয় করবেন। এ টাকার মধ্যে নিজের ৫০ হাজার টাকা, আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নেবেন এক লাখ টাকা এবং স্বেচ্ছাপ্রণোদিত দান পাবেন ৫০ হাজার টাকা। তাঁর স্ত্রীর কাছে আছে পাঁচ হাজার টাকা।
বিএনপির প্রার্থী মতিয়ার রহমানও এইচএসসি পাস। পেশায় ব্যবসায়ী। ঠিকাদারি ব্যবসা আছে তাঁর। কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ৬০ হাজার টাকা। বাড়িভাড়া পান ৯৪ হাজার ৫০০ টাকা আর মেয়রের সম্মানী ভাতা পান ১ লাখ ৪৪ হাজার টাকা। বর্তমানে তাঁর হাতে নগদ টাকা রয়েছে ৩০ হাজার। স্ত্রীর কাছে আছে ১০ হাজার টাকা। ব্যাংকে জমা আছে আরও ৩০ হাজার টাকা। মতিয়ার রহমানের কৃষিজমির পরিমাণ ৩ একর সাড়ে ১২ শতাংশ। অকৃষিজমি ৪৯ শতাংশ। এ ছাড়া একটি দালান, একটি দোকান, একটি টিন ও মাটির বাড়ি আছে। তাঁর ১৫ লাখ টাকা ব্যাংকে দেনা রয়েছে। নির্বাচনে তিনি দুই লাখ টাকা ব্যয় করবেন। আর এ টাকা ব্যয় হবে তাঁর ব্যবসার আয় থেকে।
বিএনপির বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম এইচএসসি পাস। পেশায় ব্যবসায়ী। তিনি ঠিকাদারি ও সরবরাহ ব্যবসার সঙ্গে জড়িত। মৎস্য খাত থেকে তাঁর বার্ষিক আয় ২০ হাজার টাকা। ব্যাংক আমানত তিন লাখ টাকা। নগদ হাতে আছে ৫০ হাজার টাকা। তাজুল ইসলামের কৃষিজমি আছে ১৩ শতাংশ আর বসতভিটা ৬১ শতাংশের ওপর। ব্যাংকঋণ রয়েছে ৮০ হাজার টাকা। তিনি নিজ পেশা ও স্বেচ্ছাপ্রণোদিত দান থেকে ১ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন।