মেয়র 'অসুস্থ মস্তিষ্কের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাংবাদিকরা মাদকের বিরুদ্ধে কলম ধরা থেকে বিরত থাকেন’ এবং ‘অনেক সাংবাদিক মাদকসেবী’ বলে মেয়র আ জ ম নাছির উদ্দিনের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এই বক্তব্যের মাধ্যমে মেয়র নিজেকে ‘অসুস্থ মস্তিষ্কের’ ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন বলে দাবি করেছেন সাংবাদিক নেতারা।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেয়রকে এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বিবৃতিতে বলেন, মরণ নেশা ইয়াবাসহ মাদক পাচারের সঙ্গে সাংসদ থেকে শুরু করে নেতা, পাতি নেতা অনেকের সরাসরি জড়িত থাকার বিষয়টি সরকারের বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বেরিয়ে এসেছে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর (মেয়র) অনেক দায়িত্ব রয়েছে। সাংবাদিকদের পরামর্শ না দিয়ে মেয়র এবং দলের নেতা হিসেবে তিনি সেই দায়িত্ব পালন করতে পারেন।
গত শুক্রবার নগরের মুসলিম হলে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের নিয়ে ওই মন্তব্য করেন মেয়র। বিবৃতিতে বলা হয়, মেয়র যদি তাঁর বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে চট্টগ্রামের সাংবাদিকেরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
বিবৃতি দেওয়ার কথা স্বীকার করে সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়র যে বক্তব্য দিয়েছেন তা অনভিপ্রেত। এটা নিন্দনীয়। আমরা এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে দাবি করা হয়, সাংবাদিকেরা যদি মাদকের বিরুদ্ধে কলম না ধরেন তাহলে মেয়র মাদকের ভয়াবহতার বিষয়টি জানতে পারতেন না। মাদকের ভয়াবহতা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা শুধু সাংবাদিকদের একার দায়িত্ব নয়, রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরও দায়িত্ব রয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংবাদিকেরা বরাবরই মাদকের বিষাক্ত ছোবলের কথা জাতির সামনে তুলে ধরে আসছেন। মেয়র ‘সুস্থ’ থাকলে অবশ্যই বিষয়টি তাঁর নজরে আসত। চট্টগ্রামে মাদকের ভয়াবহতার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সময় মাদকসেবীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম প্রেসক্লাবের ইফতার মাহফিলে মেয়র: মাদক নির্মূলে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখে না বলে অভিযোগ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। নগরের রীমা কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেয়র বলেন, ‘মিডিয়া সবক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। কিন্তু মাদকের বিরুদ্ধে যতটা জনমত গঠন করা উচিত ততটা করে না।’ তিনি বলেন, এখন অনেকে রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। সমাজে ছিনতাই হচ্ছে, বিভিন্ন অপরাধ হচ্ছে। এর কারণ মাদক।
মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমি পুলিশকে বলেছি ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে বুঝব আপনারাও জড়িত আছেন।’ তিনি বলেন, ‘এখন ডাক্তাররা নাকি মাদক সেবন না করলে অপারেশন করতে পারেন না। ইঞ্জিনিয়াররাও নাকি মাদক সেবন করেন।’
এর আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান তাঁর বক্তব্যে সাংবাদিকদের নিয়ে গত শুক্রবার মেয়রের করা মন্তব্যের ব্যাখ্যা দাবি করেন। তবে মেয়র তাঁর বক্তৃতায় বিষয়টি এড়িয়ে যান।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ইফতার মাহফিল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।