ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের তিন সহযোগী ও একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে। সহযোগী সংগঠন জেলা মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন মাসের আহ্বায়ক কমিটি নয় বছর পার করেছে। আর কৃষক লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে সাত বছর আগে।
জেলা পর্যায়ের দলীয় কর্মীরা জানান, ২০০৬ সালে মো. কামরুজ্জামানকে আহ্বায়ক এবং জাবেদ শিকদারকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি পৌর ও উপজেলা কমিটি পুনর্গঠন করে তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করার কথা। কিন্তু আহ্বায়ক কমিটি নয় বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। এ বছরের ফেব্রুয়ারি মাসে বর্ধিত সভা নিয়ে দুটি পক্ষে বিভক্ত হয়ে যান স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলা হয়। এখন সদর উপজেলা ও পৌরসভায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি আছে। এ কারণে জেলা পর্যায়ে সংগঠনটির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।
জাবেদ শিকদার অভিযোগ করে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হলে কেন্দ্রীয় কমিটির কাছ থেকে কমিটির অনুমোদন নিতে হয়। বর্তমান কমিটি নয় বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির কাছ থেকে মেয়াদ বাড়িয়ে নেননি। ফলে এ কমিটি অবৈধ। তবে আহ্বায়ক মো. কামরুজ্জামান বলেন, জেলার প্রতিটি উপজেলায় সংগঠনটির কমিটি আছে। তবে এখন সম্মেলন করা প্রয়োজন।
২০০৬ সালে দ্রৌপদী আগরওয়ালাকে আহ্বায়ক করে জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। পরে সম্মেলন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও তা করা হয়নি। পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ আকতার বলেন, দীর্ঘদিন আহ্বায়ক কমিটির হাতে দায়িত্ব থাকায় সংগঠনের কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়েছে।
২০০৫ সালে জেলা কৃষক লীগের সর্বশেষ সম্মেলন হয়। সম্মেলনে মো. সাইফুল্লাহ সভাপতি ও আলাউদ্দিন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আলাউদ্দিন সরকার বলেন, জেলা কৃষক লীগের কার্যক্রম স্থবির—এ কথা বলা ঠিক হবে না। তৃণমূলের সম্মেলন শেষ করে শিগগিরই জেলার সম্মেলন করা হবে।
জেলা শ্রমিক লীগের সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করে বলতে পারেননি সংগঠনের সভাপতি মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, জেলা কমিটির সম্মেলনটি ২০০৪ বা ২০০৫ সালে হয়েছিল। সে সম্মেলনে তিনি সভাপতি ও আনোয়ারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। খায়রুল আরও বলেন, কেন্দ্র এত দিন সম্মেলন করতে বলেনি। আর তাঁরাও সম্মেলন করার প্রয়োজন মনে করেননি। কেন্দ্র চাইলে নতুন কমিটি করা হবে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, এসব সংগঠনের সম্মেলনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।