মেরুদণ্ডহীন সিইসি আর চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘কাজী রকিবউদ্দীন আহমদের মতো মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আর চাই না। আমরা মেরুদণ্ডসম্পন্ন ব্যক্তিকে সিইসি পদে দেখতে চাই।’ গতকাল সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশন গঠনে করা অনুসন্ধান কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচজন করে ব্যক্তির নামের তালিকা চাওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, ‘আমরা পাঁচজনের নাম চূড়ান্ত করে ফেলেছি। আজ-কালের মধ্যে নামের তালিকা পাঠানো হবে।’
প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। নিবন্ধন বাঁচাতে বিএনপিকে অবশ্যই নির্বাচন করতে হবে। বিএনপি অতীতের মতো আর ভুল করবে না।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামীম হায়দার পাটোয়ারিকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করে দিয়ে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এরশাদ।
গতকাল বিকেলে সুন্দরগঞ্জের মনিরাম এলাকায় জাতীয় পার্টি আয়োজিত জনসভায় ভাষণে এরশাদ এ আহ্বান জানান।