মেরুদণ্ডহীন সিইসি আর চাই না: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘কাজী রকিবউদ্দীন আহমদের মতো মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আর চাই না। আমরা মেরুদণ্ডসম্পন্ন ব্যক্তিকে সিইসি পদে দেখতে চাই।’
আজ সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচজন করে ব্যক্তির নামের তালিকা চাওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, ‘আমরা পাঁচজনের নাম চূড়ান্ত করে ফেলেছি। আজকালের মধ্যে নামের তালিকা সার্চ কমিটির কাছে পাঠানো হবে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। নিবন্ধন ঠেকাতে বিএনপিকে অবশ্যই নির্বাচন করতে হবে। বিএনপি অতীতের মতো আর ভুল করবে না।
সোমবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম এলাকায় জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় এইচ এম এরশাদ বলেন, ‘আমি একটা কথা বারবার বলি, এ দেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই। বর্তমান সরকারের আমলে নারী ও শিশু থেকে শুরু করে সাংসদ পর্যন্ত আমরা কেউই নিরাপদ নই। কে কখন খুন হবে, গুম হবে, কেউ বলতে পারে না। সে আওয়ামী লীগ নেতা হোক, এমপি হোক—কেউ নিরাপদ নয়।’ জাতীয় পার্টি ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকবে বলে জানান তিনি।
এ সময় এরশাদ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলা জাপার সভাপতি শামীম হায়দার পাটোয়ারিকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিগত পৌরসভা ও ইউপি নির্বাচনে জাপার অনেক প্রার্থী জয়ী হয়েছে। উপনির্বাচনেও জাপার প্রার্থী শামীম হায়দার জয়ী হবেন। এখান থেকেই আমরা জয়ের মালা ছিনিয়ে আনতে চাই। এই জয়ের মধ্য দিয়ে জাতীয় পার্টির জয়যাত্রা শুরু হবে।’
গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আবদুর রশিদ সরকার, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার ও মোস্তাফিজুর রহমান, যুগ্ম মহাসচিব হোসাইন মকবুল শাহারিয়ার, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শামীম হায়দার পাটোয়ারি প্রমুখ।