মেহেরপুর জেলা আ.লীগের সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন কাল ২৮ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলন উপলক্ষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। সম্মেলন ঘিরে দলের নেতা-কর্মী ও প্রতিনিধিদের (কাউন্সিলর) মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দলের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবার একাধিক নেতার নাম শোনা যাচ্ছে। দলের বর্তমান সভাপতি সাবেক সাংসদ জয়নাল আবেদীন ও মেহেরপুর-১ আসনের বর্তমান সাংসদ ফরহাদ হোসেন সভাপতি পদে এবং দলের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ জয়নাল আবেদীন জানান, সম্মেলনের প্রথম অধিবেশনে তিন সহস্রাধিক নেতা-কর্মী জমায়েত হবেন। তাঁরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনবেন। সে জন্য পার্কজুড়ে প্যান্ডেলসহ বসার চেয়ার ও দুপুরে খাওয়ার ব্যবস্থা থাকবে। দ্বিতীয় অধিবেশনে ৯১ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে কমিটি গঠিত হবে। সে ক্ষেত্রে গোপন ভোট হওয়া ভালো বলে মনে করেন তিনি।
জেলা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মিয়াজান আলী জানান, কাউন্সিলরের সংখ্যা বাড়তেও পারে। তবে কমিটি মনোনীত না নির্বাচিত হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলের সভানেত্রী।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল বলেন, গোপন ব্যালটের মাধ্যমে কমিটি নির্বাচন করলে ভালো হবে। এতে দলে কোনো অসন্তোষ থাকবে না।
কাউন্সিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
২০০৪ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন স্থানীয় শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত হয়। তখন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল সমঝোতার ভিত্তিতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।