মেহেরপুরে বিএনপি ছাড়ার ঘোষণা আবদুর রবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর বিএনপি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সদস্য ও কৃষক দলের সাবেক সভাপতি আবদুর রব। কারণ হিসেবে তিনি দলে গণতন্ত্রের অনুপস্থিতি এবং জ্যেষ্ঠতা-কনিষ্ঠতা নিয়ে বিবেচনাবোধ না থাকার কথা বলেছেন।
মেহেরপুর শহরের এশিয়ানেট মোড়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আবদুর রব। এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, পঁয়ষট্টিতে ছাত্রলীগের হয়ে ‘আইয়ুব হটাও’ আন্দোলনে যোগ দেন তিনি। পরে ছেষট্টির ছয় দফা ও উনসত্তরের ১১ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে তিনি জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। পরে ১৯৯০ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০২ সালে জেলা কৃষক দলের সভাপতি নির্বাচিত হন। কিন্তু বিএনপিতে এখন গণতন্ত্র নেই। পাশাপাশি জেলা কৃষক দলের সদ্য ঘোষিত কমিটিতে জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন করা হয়নি। জ্যেষ্ঠতা-কনিষ্ঠতা নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে বিবেচনাবোধের অভাব রয়েছে। এসব কারণেই তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে মেহেরপুর কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে জায়গায় হয়নি আবদুর রবের। পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক এ কমিটিতে সভাপতি হয়েছেন মাহবুবুর রহমান; তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর সাধারণ সম্পাদক করা হয়েছে গাংনী উপজেলা কৃষক দলের সভাপতি আখেরুজ্জামানকে।
আবদুর রবের দল ছাড়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিএনপির মেহেরপুরের নেতারা। জানতে চাইলে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ নিয়ে কোনো মন্তব্য করার সময় এখনো আসেনি।’