মোদির সফর নিয়ে সতর্ক অবস্থান বিএনপির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে প্রাপ্তি-অপ্রাপ্তির মূল্যায়ন নিয়ে ‘সতর্ক’ অবস্থান নিয়েছে বিএনপি। দলটি এ সফরকে ‘দ্বিপক্ষীয় সম্পর্ক’ ও ‘রাজনৈতিক’—এই দুভাগে দেখছে। এর মধ্যে যৌথ ঘোষণায় দ্বিপক্ষীয় সম্পর্কের একটা স্পষ্ট মাত্রা প্রকাশ পেয়েছে। তবে বিএনপি মনে করছে, বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের প্রকাশ্য অবস্থান অস্পষ্ট।
বিএনপির নেতাদের মূল্যায়ন হচ্ছে, এই সফর রাষ্ট্র হিসেবে ভারতের চেয়ে ব্যক্তি মোদির ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ ছাড়া ৬৫ দফার যৌথ ঘোষণা এবং চুক্তিসহ ২২টি দলিলে দ্বিপক্ষীয় সম্পর্কের যে বিষয়গুলোর উল্লেখ রয়েছে, তাতে আপাতত দৃষ্টিতে ভারতই বেশি লাভবান হয়েছে। বিশেষ করে, বহুল প্রত্যাশিত তিস্তা নদীর পানি চুক্তি না হওয়ায় এ বিষয়ে চুক্তির আশ্বাসে সময়সীমা নির্দিষ্ট না থাকাকে তাঁরা বড় দুর্বল দিক হিসেবে দেখছেন।
তবে বাংলাদেশের গণতন্ত্রের অনুপস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর নিপীড়ন চলছে বলে বিএনপি ভারতের প্রধানমন্ত্রীর কানে তুলেছিল। কিন্তু যৌথ ঘোষণা ও মোদির বক্তৃতায় গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক সমঝোতার বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি। এর ফলে বিএনপির উদ্বেগের এ জায়গাগুলোতে ভারত কতটা গুরুত্ব দিয়েছে বা তাদের প্রকৃত অবস্থান কী, তা নিয়ে ধোঁয়াশা আছে বিএনপিতে।
নরেন্দ্র মোদির সফরের অনেক আগ থেকে বিএনপির নেতারা বলে আসছিলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে চলে, সে জন্য বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ভারতের প্রধানমন্ত্রীরও সহযোগিতা-সমর্থন চাইবেন।
এখন দলটির নেতারা মনে করছেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক সংকট নিয়ে ভারতের নৈতিক অবস্থান কী, তা পরিষ্কার হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী সরকারের শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে কোনো বার্তা দিয়েছেন কি না, তা বুঝতে আগামী কয়েক সপ্তাহ লাগতে পারে। এ সময়টাতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আচরণ কী হয়, তা-ও দেখার বিষয় আছে। এ জন্য মোদির সফর নিয়ে দলটির নেতারা প্রকাশ্যে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য না করার কৌশল নিয়েছে।
অবশ্য খালেদা জিয়ার সঙ্গে মোদির একান্তে কথা ও বিএনপির প্রতিনিধি দলকে দীর্ঘ সময় দেওয়াকে গুরুত্বের সঙ্গে দেখছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। তাঁরা মনে করছেন, মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক যাতে না হয়, সে জন্য সরকারের বিভিন্ন পর্যায় থেকে জোর তৎপরতা ছিল। এত কিছুর পর দীর্ঘ সময় বৈঠক হওয়াকে তাৎপর্যপূর্ণ মনে করছেন নেতারা। তবে মোদির সঙ্গে খালেদা জিয়ার একান্তে কী কথা হয়েছে, তা দলের শীর্ষ পর্যায়ের নেতারা এখনো জানেন না। সংকট নিরসনের আড়ালে কোনো কথা চালাচালি হয়েছে কি না, তা-ও বলতে পারছেন না নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে মোদির সঙ্গে বৈঠক করে হোটেল থেকে বাসায় ফেরা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে ছিলেন এমন একজন নেতা গতকাল প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পর খালেদা জিয়াকে খুবই প্রফুল্ল দেখা গেছে। আর বৈঠকে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের ভাষায় ‘চমৎকার আলোচনা’। ইংরেজিতে যাকে বলে ‘এ করডিয়াল অ্যাটমসফিয়ার’।
যদিও ভারতের প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ রোববার এক বিবৃতিতে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকর কোনো সহায়ক পদক্ষেপ দৃশ্যমান হয়নি। সার্বিকভাবে এ সফর থেকে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় তাঁরা হতাশ হয়েছেন। আর জোটের আরেক শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে কী ভূমিকা ও অবদান রাখবেন, তার ওপর এ সফরের সফলতা নির্ভর করছে।
বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপি ভারতের প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বের সঙ্গে নিলেও এ বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে কোনো আলোচনা করেনি। এমনকি নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে দলের কারা থাকবেন, তা নিয়েও কথা হয়নি। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদলে থাকা অন্তত দুজনের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মওদুদ আহমদের মতো জ্যেষ্ঠ নেতাকে না রাখায় কথা উঠেছে।
এসব বিষয়ে গতকাল মোদির সঙ্গে বৈঠকে উপস্থিত থাকা একজন সদস্যসহ তিনজন দায়িত্বশীল নেতার সঙ্গে প্রথম আলোর কথা হয়। তবে তাঁদের কেউই এসব বিষয়ে উদ্ধৃত হয়ে কথা বলতে রাজি হননি।