মোদির সফরে প্রত্যাশা পূরণ চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল্লাহ আল নোমান। ফাইল ছবি
আব্দুল্লাহ আল নোমান। ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে তিস্তা চুক্তি সই হবে বলে আশা করছে বিএনপি। এই সফরে বাংলাদেশের প্রত্যাশা পূরণ না হলে দলটি এর বিরুদ্ধে সোচ্চার থাকবে।
আজ সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনার আয়োজন করে।
৬ জুন দুই দিনের সফরে ঢাকা আসছেন নরেন্দ্র মোদি। তাঁর প্রথম ঢাকা সফরে সীমান্ত চুক্তি বাস্তবায়নের ঘোষণা, তৃতীয় দেশে পণ্য পরিবহন ও ট্রানজিটের জন্য মাশুল নির্ধারণের পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সহজ করার ঘোষণা আসছে। তবে বাংলাদেশের অন্যতম প্রধান দাবি ছিল এ মোদির এ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে। কিন্তু গতকাল রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বলেন, নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নিয়েই চুক্তিটি সই হবে।

বিএনপি নেতা নোমান বলেন, তাঁরা আশা করছেন তিস্তার পানি বণ্টনে চুক্তি সই হবে। বাংলাদেশের সুশীল সমাজ যেভাবে মোদিসহ অন্যদের ‘ব্যাখ্যায়িত’ করছে, বিএনপি আশা করে তা বাস্তবায়িত হবে। না হলে দলটি এর বিরুদ্ধে কথা বলবে। আর সফল হলে অভিনন্দন জানাবে।

নোমান বলেন, অনেক গণমাধ্যম বলছে, বিএনপি হঠাৎ ভারতমুখী হয়ে পড়েছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। তিস্তার পানি চাইলে, বা ট্রানজিট, বাণিজ্য চুক্তির ন্যায্যতা নিয়ে কথা বললে তা যদি ভারত বিরোধিতা হয় বিএনপির কিছু করার নেই। বিএনপির ‘একাউন্টিবিলিটি’ আছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার বিএনপিকে আন্দোলনের গণতান্ত্রিক ‘স্পেস’ দিচ্ছে না। ফলে দেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হচ্ছে। বিএনপি এ শূন্যতা পূরণে ব্যালটের মাধ্যমে পরিবর্তন চায়। তা না হলে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। বিএনপি তা চায় না।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।