মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। গত রোববার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেন।
প্রাথমিকভাবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয়জনের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে আসাদুজ্জামান রনিকে সভাপতি এবং সাইফুর রহমান রনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অপর তিনজন হলেন সহসভাপতি সৈয়দা সাবরিনা শারমিন ও সাজ্জাদুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর ও জাকের আহম্মেদ অপু।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটি গত ২০ জুনের মধ্যে মৌলভীবাজার জেলা কমিটিকে সম্মেলন করার নির্দেশনা দিয়েছিল। কিন্তু জেলা কমিটি এই সময়সীমার মধ্যে সম্মেলন করতে পারেনি। ফলে কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি গঠনের উদ্যোগ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত চায়। সেই লক্ষ্যে গত ২৩ জুন কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সহসম্পাদক নজরুল ইসলাম ও মো. সুমন মৌলভীবাজার সফর করেন। ওই দিন ১৬ জন সভাপতি এবং ৬৫ জন সাধারণ সম্পাদক পদে তাঁদের জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেন। এদের মধ্য থেকেই সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয়জনের নাম ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল মৌলভীবাজার জেলা কমিটির নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, এই কমিটি আগামীকাল (আজ মঙ্গলবার) বা পরশু (বুধবার) কেন্দ্রীয় সম্মেলনের কাউন্সিলরদের তালিকা কেন্দ্রে পাঠাবে। পূর্ণাঙ্গ কমিটি করতে একটু সময় লাগবে।