মেয়র-কাউন্সিলরদের গৃহকর কম, সেটাও অনেকে দেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব নগরের ১৫ নম্বর ওয়ার্ডের কালুশাহ সড়কে নিজ বাড়ির (স্ত্রীর নামে) বিপরীতে কর দিচ্ছেন ৮ হাজার ১০০ টাকা। প্রায় ৪ হাজার বর্গফুটের চারতলা বাড়িটির বড় অংশই ভাড়া দিয়েছেন তিনি। বিধি অনুযায়ী কর হওয়ার কথা ১ লাখ ৫১ হাজার ২০০ টাকা। আপিলের পর ৬০ ভাগ মওকুফ করা হলেও করের পরিমাণ দাঁড়ায় ৯০ হাজার ৭২০ টাকা।

মেয়রের বাড়ির কাছে ১ হাজার ২০০ বর্গফুটের দোতলা ভবনের মালিক এম মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘আমার দোতলা বাড়ির কর ধরা হয়েছে সাড়ে ৯ হাজার টাকা। নাগরিকদের সঙ্গে মেয়র-কাউন্সিলরদের রাজস্বের বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। করপোরেশনের জবাবদিহি না থাকায় এই অবস্থা হয়েছে। কোথাও অভিযোগ দেওয়ার সুযোগ নেই।’

অভিযোগ আছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা সাধারণ নাগরিকের তুলনায় গৃহকর (হোল্ডিং ট্যাক্স) ২০ থেকে ৩০ ভাগ কম দেন। এ ছাড়া তাঁদের অনেকেই নিয়মিত কর পরিশোধও করেন না। অথচ রাজস্ব আদায় না হওয়ার অজুহাতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া পড়েছে। বেতন-ভাতার দাবিতে আন্দোলনও হয়েছে কয়েক দফা।

সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর কর মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) করার কথা। কিন্তু আট বছরের বেশি সময় অতিক্রম হলেও মেয়র-কাউন্সিলরদের নতুন করে কর নির্ধারণ হয়নি। তবে ২০১৬-১৭ অর্থবছরে সাধারণ গ্রাহকদের মূল্যায়ন শুরু হয়েছে।

বরিশালের মেয়র আহসান হাবিব ২০০২-০৩ অর্থবছরে নগরের কালুশাহ সড়কে চারতলা ভবন নির্মাণ করেন। তখন তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং বাড়িটি তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে দেখান। পরে করপোরেশনে উন্নীত হলে তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি পৌরকর দিতেন মাত্র ৮০০ টাকা। ২০০৮-০৯ অর্থবছরে করপোরেশন তাঁর বাড়ির কর পুনর্নির্ধারণ করে ৮ হাজার ১০০ টাকা। তখন অবশ্য তিনি মেয়র ছিলেন না।

বরিশাল সিটি করপোরেশনের চিফ অ্যাসেসর আ ন ম মুশফেক আহসান আজম প্রথম আলোকে বলেন, কর নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া। ২০০৮-০৯ অর্থবছরে বরিশাল সিটি করপোরেশন এলাকার বসতবাড়ির অ্যাসেসমেন্ট শুরু করে কর ধার্য করা হয়। তবে ওই সময় অনেক ক্ষেত্রেই নিয়ম মেনে করা হয়নি। পাঁচ বছর অতিক্রম হওয়ায় ২০১৬-১৭ অর্থবছরে নতুন করে অ্যাসেসমেন্ট শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, সিটি করপোরেশন বর্তমানে যে হারে কর আদায় করছে, সেই হারে নামমাত্র কর দিচ্ছেন মেয়র-কাউন্সিলররা।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৭ টাকার কর নেওয়া হচ্ছে ৩ বা সাড়ে ৩ টাকা। কর আদায়ে অর্ধেকের বেশি রেয়াত পাচ্ছেন গ্রাহকেরা।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়ির কর নির্ধারণ করা হয়েছে অনেক আগে। আপিল করায় কর কমানো হয়েছিল। নতুন করে কর মূল্যায়নের (অ্যাসেসমেন্ট) সময় এটা সমন্বয় করা হবে।’

সিটি করপোরেশনের কর বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী আবাসিক ও বাণিজ্যিক এলাকায় দুই শ্রেণির কর নির্ধারণ করা হয়। প্রতি বর্গফুটে ৬-৭ টাকা কর নেওয়ার বিধান। কিন্তু আবাসিক ভবনে সাড়ে ৩ টাকা, বর্ধিত এলাকার জন্য এই হার ৩ টাকা এবং বাণিজ্যিক ভবনের জন্য ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। করপোরেশনের কর্মীরা ভবনগুলোর বর্গফুট অনুযায়ী মূল্যায়ন করেন। সেই মূল্যায়ন অনুযায়ী বাড়ির মালিকদের ১০ মাসের মোট বাড়িভাড়ার ওপর ২৭ ভাগ কর নির্ধারণ করা হয়। তবে কেউ আপিল করলে ৪০-৬০ ভাগ কর কমিয়ে দেওয়া হয়।

১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তারুজ্জামানের নগরের ফকিরবাড়ি সড়কে সাড়ে ৩ হাজার বর্গফুটের চারতলা ভবন। কর দেন মাত্র ২ হাজার ৭০০ টাকা। তা-ও সাত বছর ধরে বাকি। নিয়ম অনুযায়ী তাঁর কর হওয়ার কথা ১ লাখ টাকার ওপরে। এই ওয়ার্ডে ২ হাজার বর্গফুটের একটি চারতলা এবং একটি দোতলা ভবনের মালিক শামিম আহম্মেদ বলেন, তাঁরা বছরে ৫০ হাজার টাকা কর দেন। ১৭ নম্বর ওয়ার্ডের হোটেল স্যাডোনা কর্তৃপক্ষ কর দেয় ৮১ হাজার টাকা। ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ কাওসার হোসেন তিনতলা বাড়িতে কর দেন ৭২ হাজার টাকা, ২৯ নম্বর ওয়ার্ডের এস এম এমরান হোসেন পাঁচতলা বাড়ির কর দেন ৮১ হাজার টাকা।

কাউন্সিলর আক্তারুজ্জামান বলেন, ‘আমার নামে খানা হলেও ওটা আমার বোনের মালিকানাধীন বাড়ি। সিটি করপোরেশন শুরুর দিকে যে কর ধার্য করেছিল সেটাই আছে। বর্তমানে বর্গফুট হিসাবে মেপে ধার্য করার কথা। আমাদের বাড়িটির মূল্যায়ন হয়নি। মূল্যায়ন হলে ঠিক হয়ে যাবে।’

প্যানেল মেয়র ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে এম শহীদুল্লাহর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে পাঁচতলা বাড়ি। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী সাড়ে ৩ হাজার বর্গফুটের এই ভবনে তিনি কর দেন মাত্র ৬ হাজার ৭৫০ টাকা। শহীদুল্লাহ বলেন, ‘আমার বাড়ি সাড়ে ৩ নয়, ২ হাজার ২০০ বর্গফুটের। পাঁচ বছর ধরে ট্যাক্স দিচ্ছি আমি। নতুন করে ধার্য হলে সেই অনুযায়ী দেব।’

খোঁজ নিয়ে জানা গেছে, মেয়র আহসান হাবিব, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মুরতজা আবেদীন, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, ১২ নম্বরের কে এম শহীদুল্লাহ এবং ২৭ নম্বরের কাউন্সিলর মো. নূরুল ইসলাম নিয়মিত কর পরিশোধ করেছেন। অন্য কাউন্সিলরদের দুই থেকে আট বছরের কর বকেয়া রয়েছে।

বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেন বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী বরিশাল সিটি করপোরেশনে গৃহকর নির্ধারণ করা হচ্ছে না। অনেকটা মুখ চিনে কর ধরা হচ্ছে। সাধারণ নাগরিক ও মেয়র-কাউন্সিলরদের মধ্যে কর নির্ধারণে মারাত্মক ফারাক রয়েছে। জবাবদিহির ভিত্তিতে কর নির্ধারণ ও আদায় করা উচিত।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, ‘মেয়র-কাউন্সিলররা তো কম দেনই। তাঁরা অন্যদেরও কম দিতে উৎসাহিত করেন। আমরা তালিকা করেছি। তাঁদের অনুরোধ করব নতুন করে মূল্যায়নের জন্য।’